Accident

সরকারি কোয়ার্টারের ছাদের চাঙড় ভেঙে মৃত্যু চার মাসের শিশুর, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিকাঠামো

পরিবারের অভিযোগ, কোয়ার্টারের বেহাল অবস্থার কথা বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনায় স্বাস্থ্য পরিকাঠামো ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভেঙে পড়েছে ছাদের চাঙড়
নিজস্ব সংবাদদাতা, কেতুগ্রাম
  • শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৬:৩৫

ছাদের চাঙ্গর ভেঙে মৃত্যু হল চার মাসের শিশুর। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি আবাসনে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম প্রিয়দর্শিনী বেসরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ ঘরের মেঝেতে শিশুটি ঘুমিয়ে ছিল। সেই সময় আচমকাই কোয়ার্টারের ছাদের একটি বড় অংশ ভেঙে তার মাথার উপর এসে পড়ে। গুরুতর জখম অবস্থায় দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে, শিশুটির মা শিবানী সোরেন কাটোয়া মহকুমার একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। বাবা, সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি স্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্ট পদে কাজ করেন। কর্মসূত্রেই পরিবারটি ওই সরকারি কোয়ার্টারে বসবাস করছিল।

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, কোয়ার্টারের বেহাল অবস্থার কথা একাধিক বার লিখিত ভাবে স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে। তবুও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পরিবারের দাবি, সময়মতো মেরামতির কাজ করা হলে এই দুর্ঘটনা এড়ানো যেত। শুধু একটি কোয়ার্টার নয়, স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা অন্যান্য আবাসনগুলির অবস্থাও একই রকম জরাজীর্ণ বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। তাঁদের কথায়, দীর্ঘদিন ধরেই জীবনের ঝুঁকি নিয়ে সেখানে তাঁদের বসবাস করতে হচ্ছে।

ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাটোয়া মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌভিক আলম জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” 

এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা ও সরকারি আবাসনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “দুর্ভাগ্য জনক ঘটনা। বিবৃতি দিতেও ভালো লাগছে না। রাজ‍্যের মুখ্যমন্ত্রী সব সুপার স্পেশালিস্ট বানিয়েছেন। সাধারণ মানুষের দুর্ভাগ্য।”


Share