Water Crisis

টালা ব্রিজের নীচে মূল পাইপলাইন সম্পূর্ণ বন্ধ, বিকল্প লাইনে জল সরবরাহের চেষ্টা, ৪টি বোরোয় ২৫৪টি ট্যাঙ্কার পাঠিয়ে জলসংকট সামাল দিল পুরসভা

বিকল্প পুরনো পাইপলাইন দিয়ে জল সরবরাহের চেষ্টা চালানোর পাশাপাশি ৫০০ মিটার দূরে নতুন পাইপলাইন জোড়ার কাজ করছে পুরসভা। জলসংকট সামাল দিতে চারটি বোরো এলাকায় ২৫৪টি জলবাহী ট্যাঙ্কার পাঠানো হয়েছে।

পাইপলাইন মেরামতির কাজ চলছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৬:১৭

টালা রেল ব্রিজের নীচে পানীয় জলের পাইপলাইনে লিকেজ মেরামতির কাজ ঘিরে শহরের একাধিক এলাকায় জল সরবরাহে বিঘ্নিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই টালা মূল পাইপলাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিকে, পুরনো পাইপলাইনের সঙ্গে সংযোগ তৈরি করে বিকল্প পথে জল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

পুরসভা সূত্রে খবর, মূল পাইপলাইন বন্ধ থাকায় আপাতত বিকল্প পুরনো পাইপলাইন দিয়ে জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে নতুন বিকল্প পাইপলাইন জোড়ার কাজ চলছে। এই সংযোগের কাজ সম্পূর্ণ হলে জল সরবরাহের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, মেরামতির কাজের জেরে জলসংকট মোকাবিলায় কলকাতা পুরসভা বিপুল সংখ্যক জলবাহী ট্যাঙ্কার নামিয়েছে। জল সরবরাহ বিভাগের ১০ নভেম্বরের কাজের অগ্রগতির রিপোর্ট অনুযায়ী, চারটি বোরো এলাকায় মোট ২৫৪টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। এর মধ্যে ১১৯টি ট্যাঙ্কার বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য, ১০৯টি বস্তি এলাকায় এবং ২৬টি হাসপাতালে জল পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে।

এলাকাভিত্তিক হিসাবে সেন্ট্রাল এলাকায় সর্বাধিক ১৫০টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। বোরো নম্বর ১-এ ৫৩টি, বোরো নম্বর ৪-এ ২৬টি এবং বোরো নম্বর ২-এ ২৫টি ট্যাঙ্কার পাঠিয়েছে পুরসভা। পাশাপাশি, জল সরবরাহের সমস্যা জানিয়ে পুরসভার হেল্পলাইনে মোট ২০৫টি ফোন এসেছে। তার মধ্যে ৯৭টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।

অন্য দিকে, পাইপলাইন মেরামতির কাজের কারণে বুধবার বেলগাছিয়া, তারা শঙ্কর সরণি ও সংলগ্ন এলাকায় সাময়িক ভাবে জল সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পুরসভা। কাজ শেষ হওয়ার পর ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় জল আগে থেকে সংরক্ষণ করে রাখার পাশাপাশি অপচয় এড়ানোর আবেদন জানানো হয়েছে।

পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, এই পরিস্থিতিতে পুর কমিশনারের আবেদনে সাড়া দিয়ে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও। মেরামতির কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক জল সরবরাহ ফিরিয়ে আনাই এখন পুরসভার লক্ষ্য। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে দুঃখপ্রকাশ করেছে কলকাতা পুরসভা।

জল সরবরাহ সংক্রান্ত প্রয়োজনে পুরসভার হেল্পলাইন ০৩৩-২২৮৬-১২১২ / ১৩১৩ / ১৪১৪ অথবা ৯৮৩০৩২৪৩৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। অতিরিক্ত তথ্যের জন্য জল সরবরাহ বিভাগের নোডাল অফিসার কল্লোল সরকারের ৯৮৩১১২৭৫২২২ নম্বরেও যোগাযোগ করতে পারবেন বাসিন্দারা।


Share