Attempted to Murder

শাশুড়ির ভিক্ষাবৃত্তি ঘিরে বিবাদ, কাটোয়ায় ধারালো অস্ত্রের আঘাতে জখম জামাই

কাটোয়ার পালপাড়ায় শাশুড়ির ভিক্ষা করে সংসার চালানোকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে শ্বশুরের হামলায় জখম টোটোচালক জামাই সুবল কুন্ডু। গুরুতর আহত অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শ্বশুর ভগীরথ পাল পলাতক।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩

পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পালপাড়া এলাকায় পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি। শাশুড়ি ভিক্ষা করে সংসার চালায়। তা নিয়েই জামাই আপত্তি জানায়। আর তাতেই বিপত্তি। শ্বশুরের হামলার শিকার হলেন জামাই। গুরুতর জখম অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শ্বশুর বর্তমানে পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তি সুবল কুন্ডু। তিনি পেশায় একজন টোটোচালক। দীর্ঘদিন ধরেই তাঁর শাশুড়ি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে মতবিরোধ চলছিল। শনিবার সুবল শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। এমনকি শ্বশুর-শাশুড়িকে নিজের কাছে এনে রাখার প্রস্তাবও দেন বলে জানা যায়। কিন্তু কথাবার্তার মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে শ্বশুর ভগীরথ পাল ধারালো অস্ত্র দিয়ে সুবলের উপর হামলা করেন। তাঁর ডান হাতের কব্জির নীচে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

অন্যদিকে, অভিযুক্তের মেয়ে তথা আহতের স্ত্রী রিম্পা কুন্ডু তাঁর বাবার কড়া শাস্তির দাবি তুলেছেন। তবে এখনও পর্যন্ত কাটোয়া থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, আক্রান্ত পক্ষের তরফে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়লেই তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।


Share