Accident

ওভারটেক করতে গিয়ে বিপত্তি, টায়ার ফেটে উল্টে গেল দিঘাগামী বাস, মৃত এক, আহত কমপক্ষে ১৫ জন

এই দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, খড়গপুর
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২১

দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা। টায়ার ফেটে উল্টে গেল আমলাশুলি থেকে দিঘাগামী একটি যাত্রীবাহী বাস। শনিবার সকাল প্রায় ১০টা নাগাদ খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

এই দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি তুলতে ক্রেন আনা হয়েছে। এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। তিনি জানান, বাসটি মেদিনীপুর থেকে দিঘার উদ্দেশে যাচ্ছিল এবং তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ায় বাসচালক নিয়ন্ত্রণ হারান। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিকের দাবি, দুটি বাসের মধ্যে প্রতিযোগিতামূলক গতির কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে। মোট আহতের সংখ্যা ১৮-২০ জনের মধ্যে, তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতাল ও মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


Share