Arrest

শিলিগুড়িতে হোলির রাতে ডিজে বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, লাঠি-রড নিয়ে একে অপরকে মারধর, গ্রেফতার চার জন

অভিযোগ, সেই সময় এক পক্ষ বাইরের কিছু যুবককে নিয়ে আসে। নাচকে কেন্দ্র করে প্রথমে বচসা বাধে, যা দ্রুত হাতাহাতি এবং মারামারিতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’পক্ষই লাথি-ঘুষির পাশাপাশি স্টিলের পাইপ দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৯:৫১

রঙের উৎসবে শিলিগুড়িতে ঝড়ল রক্ত। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষী নগর এলাকায় ডিজে বাজিয়ে নাচগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে স্টিলের পাইপ হাতে নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতা। ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। পুলিশ ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোলি উপলক্ষে ওই এলাকায় ডিজে বাজিয়ে নাচগানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই সময় এক পক্ষ বাইরে থেকে কিছু যুবককে নিয়ে আসে। নাচকে কেন্দ্র করে প্রথমে বচসা বাধে, যা দ্রুত হাতাহাতি এবং মারামারিতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’পক্ষই লাথি-ঘুষির পাশাপাশি স্টিলের পাইপ দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।

সংঘর্ষে অন্তত পাঁচ জন গুরুতর আহত হন। কয়েক জনের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাত লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

খবর পেয়ে শিলিগুড়ি থানা ও খালপাড়া টাউন আউটপোস্টের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। উত্তেজনা প্রশমিত করতে এলাকায় রাতভর টহলদারি চালানো হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন প্রকাশ নগরের বাসিন্দা বজরঙ্গী কুমার শাহ, ছোটু সাহানি ও অভি সাহানি এবং মহারাজা কলোনির বাসিন্দা টুনটুন রায়। বুধবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। বহিরাগতদের ভূমিকা এবং এই সংঘর্ষের পেছনে কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।


Share