Death

নেশার টাকা ঘিরে বিপত্তি শিলিগুড়িতে, বাবার ধাক্কায় মৃত্যু ছেলের, গ্রেফতার বাবা

জানা গিয়েছে, মৃত দীর্ঘদিন ধরে নেশায় ডুবে ছিলেন। সেই নেশার টাকা জোগাড় করার জন্য সে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার উভয়ই চালাত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৬

নেশাই যেন সর্বনাশের মূল কারণ। এই কারণে প্রাণ যাচ্ছে বর্তমান সমাজের। এমনই এক ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। নেশার টাকা চাওয়ার কারণে বাবার হাতে মৃত্যু হল ছেলের। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির নরেশ মোড় সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নিমাই পাল। ঘটনায় অভিযুক্ত বাবাকে আশিগড় ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, মৃত দীর্ঘদিন ধরে নেশায় ডুবে ছিলেন। সেই নেশার টাকা জোগাড় করার জন্য সে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার উভয়ই চালাত। গতকাল সন্ধ্যায় নিমাই তার মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। মা টাকা দিতে অস্বীকার করলে নিমাই তাঁকে বেধড়ক মারধর শুরু করে।

সেই সময় অভিযুক্ত বাবা নীলকান্ত পাল স্ত্রীকে বাঁচাতে এবং ছেলের অত্যাচার সামলাতে সেখানে পৌঁছোয়। বাবা ও ছেলের মধ্যে প্রবল হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে নীলকান্ত পালের সজোরে দেওয়া ধাক্কায় ছিটকে পড়ে ছেলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেফতার করা হয়েছে।


Share