Drug Smuggling

দিনের আলোয় কোটি টাকার মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ! চ্যাংরাবান্ধায় গাড়ি থেকে ৩৭ প্যাকেট গাঁজা উদ্ধার, গ্রেফতার শিলিগুড়ির যুবক

এই অভিযানে ছিলেন মেখলিগঞ্জের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরেশরাজ রাই এবং মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, চ্যাংরাবান্ধা
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৩:৫৯

চ্যাংরাবান্ধা বাইপাস চেকপোস্টে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় ৫৭.৬৫ কেজি গাঁজা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি দামি হোন্ডা সিভিক গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি হোন্ডা সিভিক গাড়ি চ্যাংরাবান্ধা নাকা চেকপোস্টে আটক করে তল্লাশি চালায় মেখলিগঞ্জ থানার পুলিশ। এই অভিযানে ছিলেন মেখলিগঞ্জের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরেশরাজ রাই এবং মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তল্লাশির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক রণবীর শিকারি গাড়ি ফেলে পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত তাকে পাকড়াও করে পুকুর থেকে উদ্ধার করে গ্রেফতার করে।

তল্লাশিতে গাড়িটির বিভিন্ন অংশে বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠ থেকে ৩৭টি প্যাকেটে মোট প্রায় ৫৭.৬৫ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত রণবীর শিকারি একজন পেশাদার মাদক পাচারকারী। শিলিগুড়ি হয়ে অন্যত্র এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এর নেপথ্যে বৃহত্তর কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ।


Share