Training For MLAs

বিধানসভায় ২০০ জনের বেশি নতুন, কাজ বোঝাতে দেওয়া হবে প্রশিক্ষণ, জানালেন স্পিকার রথীন্দ্র বসু

স্পিকার রথীন্দ্র বসু বলেন, “অনেক সময় দেখা যায়, বিধায়ক বা রাজনীতিবিদদের কাছে মানুষ পৌঁছোতে পারেন না। মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক গড়ে তোলা হবে, ততই সমাজ উন্নত হবে।”

বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৯:১০

একেবারে নতুন বিধায়কদের কাজ বোঝাতে প্রশিক্ষণ দেবে বিধানসভা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। সম্প্রতি চণ্ডীগড়ে স্পিকারদের সংগঠন কমনওয়েল্‌থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যৌথ সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন। সেখান থেকে তিনি ফিরে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন।

এ দিন স্পিকার রথীন্দ্র বসু জানিয়েছেন, এ বারের বিধানসভায় ২০০ জনের বেশি প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছেন। তাঁরা বিধানসভার কাজকর্ম সম্পর্কে তেমন কিছুই জানেন না। তাঁদের জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এমন বিধায়কদের কাজকর্ম বোঝাতে ভিন রাজ্য থেকে অভিজ্ঞ স্পিকারেরা আসছেন। তাঁরা এই বিধায়কদের সামনে ভাষণ দেবেন। স্পিকার রথীন্দ্র জানিয়েছেন, দু’দিন ধরে বিধায়কদের এই কর্মশালা চলবে। 

এ ছাড়াও, বিধানসভাকে আগামী দিনে ই-বিধানসভায় রূপান্তরিত করা হবে জানিয়েছেন স্পিকার রথীন্দ্র বসু। বিধানসভায় কাজ হবে ‘পেপারলেস’। কাগজপত্র ব‍্যবহারের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনলাইন মাধ্যমে কাজ করা হবে। তাতে বিধানসভার সঙ্গে সাধারণ মানুষের যোগ আরও বাড়বে বলে মনে করছেন স্পিকার। ওই প্রক্রিয়ায় বিধানসভার যাবতীয় নথি যে কেউ সরাসরি দেখতে পাবেন বলেও জানান তিনি। এর ফলে বিধায়কদের পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

এ দিন বিধানসভায় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে স্পিকার বলেন, “বিধানসভাকে আমরা ই-বিধানসভায় রূপান্তরিত করার চেষ্টা করছি। পেপারলেস বিধানসভা হবে। ১০০ দিনের মধ্যে আমরা সেটা সম্পন্ন করার চেষ্টা করব। এতে সাধারণ মানুষ বিধানসভার তথ্য সরাসরি দেখতে পাবেন। কোনও সমস্যা হলে বা কোনও প্রশ্ন থাকলে সরাসরি তা জানাতে পারবেন। পরামর্শও দিতে পারবেন। তাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের যোগদান আরও ব্যাপক হবে।”

স্পিকার রথীন্দ্র বসু আরও বলেন, “অনেক সময় দেখা যায়, বিধায়ক বা রাজনীতিবিদদের কাছে মানুষ পৌঁছোতে পারেন না। মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক গড়ে তোলা হবে, ততই সমাজ উন্নত হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। এ ছাড়া প্রযুক্তির ধারাবাহিক ব্যবহারের উপরেও আমরা গুরুত্ব দেব।”

আগামী ১৮ জুন থেকে বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বিধানসভার এই কার্যকলাপ দেখার জন্য আলিপুরদুয়ার থেকে একটি স্কুলের ১০০ জন ছাত্রকে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন স্পিকার। এ ছাড়া, বয়স্ক নাগরিক এবং আইন কলেজের ছাত্রছাত্রীদেরও আনা হবে।


Share