WBCS Exam

আগামী রবিবার ডব্লিউবিসিএস পরীক্ষা, পরীক্ষার্থীদের মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা, ঘোষণা মেট্রো রেলের

শুক্রবার মেট্রোরেলের এক আধিকারিক জানিয়েছেন, “পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে মেট্রোরেল প্রস্তুত। মেট্রোরেল পরীক্ষার্থীদের সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়া আরও সহজ করবে। তাই বিশেষ ব্যবস্থা মেট্রোরেল নিয়েছে।“

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১০:০৫

আগামী ১৪ জুন রবিবার, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো পরিষেবা মিলবে। ওই দিন সকাল ৮টা থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রোরেল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

রবিবার মূলত ব্লু-লাইনে নির্ধারিত ১৫২টি মেট্রো পরিষেবার পাওয়া যায়। মেট্রোরেল জানিয়েছে, ওই দিন আরও দু’জোড়া পরিষেবা অতিরিক্ত পাওয়া যাবে। রবিবার মোট ১৫৬টি মেট্রো চলাচল করবে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৮টায় ছাড়বে। যা সাধারণ দিনের তুলনায় এক ঘণ্টা আগে।

অন্য দিকে, গ্রিন লাইনে নির্ধারিত ১০৮টির পরিবর্তে মোট ১১২টি পরিষেবা চালানো হবে। ওই লাইনেও সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আপ এবং ডাউন— উভয় দিকেই ৩০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৮টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৮টা ২ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে মেট্রোরেল।

বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু-লাইন ও গ্রিন লাইনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ইয়েলো লাইনে রবিবারে যে পরিষেবা পাওয়া যায় তাতে পরিবর্তন করা হয়নি। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ওই দিন কোনও পরিষেবা পাওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা হয়েছিল। তার পরে গত ২০২৪ সালে বিজ্ঞপ্তি ২০২৫ সালে জারি করলেও তৎকালীন তৃণমূল পরিচালিত সরকার পরীক্ষাই নিতে পারেনি। পরীক্ষা কেন হচ্ছে না তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তৎকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হয়েছিলেন। দীর্ঘদিন দিন ধরে সরকারি দফতরে আধিকারিক নিয়োগ না হওয়ায় দফতরগুলি কার্যত ধুঁকছে। ২০২৬ সালের নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবেও বিজেপি তাঁদের ঘোষণাপত্রে রেখেছিল। ক্ষমতায় আসতেই অপেক্ষারত চাকরিপ্রার্থীদের জন‍্য সুখবর দেয়। ঘোষণা করে এই উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের পরিক্ষার দিনক্ষণ।

শুক্রবার মেট্রোরেলের এক আধিকারিক জানিয়েছেন, “পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে মেট্রোরেল প্রস্তুত। মেট্রোরেল পরীক্ষার্থীদের সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়া আরও সহজ করবে। তাই বিশেষ ব্যবস্থা মেট্রোরেল নিয়েছে।“


Share