Assembly Election 2026

বিধানসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির খতিয়ে দেখতে ৮ মার্চ রাজ‍্যে আসছে ফুল বেঞ্চ, সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে হবে বৈঠক, কথা বলবেন প্রসাশনিক কর্তাদের সঙ্গেও

ওই দিনই বিকেলের মুখ‍্য নির্বাচন কমিশন আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন। ৩টে ৫৫ মিনিটের বিমানে মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ বাকি আধিকারিকেরা ফিরে যাবেন। পাঁচটি রাজ্যে সফরের শেষে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১০:২৬

চলতি মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া পরে তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। এ বার নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তার আগেই কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার কবে, কখন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ আসবে তার দিনক্ষণ জানা গিয়েছে।

জানা গিয়েছে, আগামী ৮ মার্চ রাতে কমিশনের সম্পূর্ণ বেঞ্চ কলকাতায় আসছেন। মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই দিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাবেন। তাঁর সঙ্গে দু’জন নির্বাচন কমিশনার— এস এস সান্ধু, বিবেক জোশী থাকবেন। পাশাপাশি তিন জন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার— জ্ঞানেশ ভারতী, মনীশ গর্গ এবং পবনকুমার শর্মাও আসবেন। এ ছাড়াও, আরও সাত জন নির্বাচন কমিশনের আধিকারিক রবিবার আসবেন।

কমিশন সূত্রের খবর, আগামী সোম এবং মঙ্গলবার শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। ৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে ওই প্রতিনিধি দলের বৈঠক করবেন। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপর ১টা ১৫ মিনিট থেকে কেন্দ্র ও রাজ্যের ২৪টি সংস্থার প্রধান বা নোডাল আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকে রাজ‍্য পুলিশের ডিজি, কলকাতার কমিশনার, সমস্ত রেঞ্জের আইজি এবং ডিআইজি, পুলিশ সুপার এবং জেলাশাসকদের উপস্থিত থাকতেই হবে।

আগামী ১০ মার্চ সকালে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনারের সুপ্রতিম সরকার, সঙ্গে সঙ্গে তাঁরা বৈঠক করবেন মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ওই দিন সকাল সাড়ে ১০টা নাগাদ ওই বৈঠক হওয়ার কথা। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা ছাড়াও ওই বৈঠকে কেন্দ্রীয় বাহিনী নোডাল আধিকারিক, রাজ‍্য পুলিশের দশ জন নোডাল আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। এরপর এসআইআর প্রক্রিয়ায় বুথ স্তরের আধিকারিকেরা কেমন কাজ করছেন, কোথাও কোনও অসুবিধা হয়েছে কি না তা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করবেন। সেই আলোচনা সভার সময় ঠিক হয়েছে দুপুর সাড়ে ১২টায়। সেই বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে জ্ঞানেশ কুমারের।

ওই দিনই বিকেলের মুখ‍্য নির্বাচন কমিশন আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন। ৩টে ৫৫ মিনিটের বিমানে মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ বাকি আধিকারিকেরা ফিরে যাবেন। পাঁচটি রাজ্যে সফরের শেষে দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন।


Share