কয়লা পাচারের টাকা নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের শুভেন্দু অধিকারীর

রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠান। সেখানে মুখ্যমন্ত্রীকে বলা হয়, ৭২ ঘন্টার মধ্যে সেই পেনড্রাইভ প্রকাশ করুন। যে ভাষায় আক্রমণ করেছেন তার জন্য ক্ষমা চান। কিন্তু ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আইনি নোটিসের জবাব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেননি।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৮:৫৩

কয়লা পাচারের দুর্নীতির টাকা রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব‍্যের পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন। তার উত্তর সময়মতো আসেনি। তাই এ বার মানহানির মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেছেন তিনি।

কয়লা পাচারেকান্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভের দফতরে ইডি তল্লাশি অভিযান চালায়। তার প্রতিবাদে যাদবপুরের ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি সভাও করেন। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “আমি আপনাদের বলি, আমরা যদি পারতাম তাহলে অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা, কে খায়? অমিত শাহ খায়। হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী)।” কীভাবে সেই টাকা যায়, তার প্রেক্ষিতে মমতা বলেন, “কী করে খায় ? গদ্দারের মাধ্যমে টাকা যায়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়। পুরীর জগন্নাথ নয়। বিজেপির বড় ডাকাত। জগন্নাথের মাধ্যমে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে। আর শুভেন্দু অধিকারীর কাছে থেকে টাকা যায়, অমিত শাহের কাছে।” এ ছাড়াও, তাঁর কাছে একটি পেনড্রাইভ আছে বলেও দাবি করেন। বলেন, “এই পেনড্রাইভ আমি প্রকাশ করি না। দেশের স্বার্থেই প্রকাশ করি না।”

এই মন্তব্যের পরেই রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠান। সেখানে মুখ্যমন্ত্রীকে বলা হয়, ৭২ ঘন্টার মধ্যে সেই পেনড্রাইভ প্রকাশ করুন। যে ভাষায় আক্রমণ করেছেন তার জন্য ক্ষমা চান। কিন্তু ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আইনি নোটিসের জবাব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেননি।

তাই এ বার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “কয়লার কালো টাকা নিয়ে অভিযোগ করেছেন। নোটিসের পরেও নীরব রয়েছেন।' ১০০ কোটি টাকা পেলে জনগনের জন্য দান করব বলেও জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


Share