State Investigation Agency

এনআইএয়ের আদলে তৈরি হবে এসআইএ, মাথায় থাকবে এডিজি পদমর্যাদার অফিসার, জোর কদমে চলছে প্রস্তুতি

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) মূলত সন্ত্রাসবাদ, অর্থপাচার, মানবপাচার, মাদক পাচার-সহ সংগঠিত অপরাধের বিরুদ্ধে তদন্ত চালায়। প্রস্তাবিত এসআইএ-ও একই ধরনের গুরুতর অপরাধের তদন্তে বিশেষ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৯:৫৬

জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আদলে তৈরি হবে রাজ‍্য তদন্তকারী সংস্থা (এসআইএ)। এই দফতরের মাথায় একজন এডিজি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করা হতে পরে। জানা গিয়েছে, সরকারের তরফে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

চলতি মাসে তিন দিনের রাজ‍্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ‍্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ‍্যের শীর্য পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের সীমান্তে সুরক্ষা নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিনি। সেখানেই এই রাজ‍্য তদন্তকারী সংস্থা (এসআইএ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছিলেন।

জাতীয় তদন্তকারী সংস্থা মূলত সন্ত্রাসবাদ, টাকা পাচার, মানবপাচার, মাদক পাচারের সংগঠিত চক্রের দৌরাত্ম্য রুখতে কাজ করে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত একাধিক মামলাও এনআইএ তদন্ত করে। এসআইএ-ও এই আইনের আওতায় কাজ করবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন। 

পুলিশ সূত্রের খবর, এআইএ গঠনের যাবতীয় কাজ শুরু হয়ে গিয়েছে। এই দফতর মূলত গোয়েন্দা সংস্থার মতো কাজ করবে। তার আইন কী হবে বা তার এক্তিয়ার কী হবে তা নিয়ে আলোচনা চলছে। রাজ‍্য পুলিশের এক কর্তার কথায়, সিআইডি যেভাবে কাজ করে তা থেকে সম্পূর্ণ আলাদা হবে এই দফতরের কাজ। এই বিভাগের মাথায় এডিজি পদমর্যাদার আধিকারিককে বসানো হতে পারে। তবে যে এডিজি পদমর্যাদার আধিকারিক এখানে বসবেন তাঁর পূর্ববর্তী ‘ট্রাক রেকর্ড’ খতিয়ে দেখার পরেই বসানো হবে বলে জানা গিয়েছে।

ভবানী ভবন সূত্রের খবর, সরকার ইতিমধ্যেই এই সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে। তবে কবে এই বিভাগ পুরোদমে কাজ করা শুরু করবে, বা এই সংক্রান্ত আলাদা থানা তৈরি হবে কি না, হলে তা কোথায় হবে তা নিয়ে এখনও স্পষ্ট নয়। ওই কর্তার মতে, আলোচনা এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত হলেই প্রকাশ‍্যে তা আনা হবে।


Share