Train Services Disrupted

ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, সকাল থেকে বন্ধ শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল ধরা পড়ায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ শিয়ালদহ-হাসনাবাদ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ।

শিয়ালদহ-হাসনাবাদ শাখার রেললাইনে দেখা গেল ফাটল।
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১২:৩০

সাতসকালে রেললাইনে দেখা গেল ফাটল। ফলত বিপর্যস্ত ট্রেন পরিষেবা। শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। উত্তর ২৪ পরগনার ভ্যাবলা স্টেশনে এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আচমকা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহের ব্যস্ত দিনে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে অন্যান্য কাজে বেরনো মানুষ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মেরামতির কাজে রেলকর্মীরা হাত লাগিয়েছেন।

রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ভ্যাবলা স্টেশনের উপর দিয়ে একটি ট্রেন যাওয়ার সময় এক ব্যক্তি অস্বাভাবিক শব্দ শুনতে পান। ট্রেনের দু'টি কামরা পার হওয়ার পরই বিষয়টি তাঁর নজরে আসে। কাছে গিয়ে রেললাইনে তিনি ফাটল দেখতে পান। দেরি না করে রেল দফতরকে ওই ব্যক্তি খবর দেন। খবর পেয়েই রেলের কর্মী, ইঞ্জিনিয়র এবং জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৎক্ষণাৎ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপরই ফাটল মেরামতির কাজ শুরু হয়। ভ্যাবলা স্টেশন ছাড়াও শিয়ালদহ-হাসনাবাদ শাখার একাধিক স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা আটকে পড়েন। আপ ও ডাউন, দু'টি লাইনেই পরিষেবা বন্ধ থাকায় অফিসযাত্রী ও অন্যান্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, সময় থাকতে রেললাইনের ফাটল নজরে না এলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে কী কারণে লাইনে এই ফাটল তৈরি হল, তা এখনও জানা যায়নি। দ্রুত মেরামতির কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল দপ্তর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল শুরু হয়নি।


Share