Murder

খাস কলকাতায় গায়িকা খুন! বেহালার ফ্ল্যাটে গলা কাটা দেহ, আয়ার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

বেহালার পর্ণশ্রীতে চাঞ্চল্য। বেচারাম চ্যাটার্জী স্ট্রিটের ফ্ল্যাটে গায়িকা অনিতা ঘোষের গলা কাটা দেহ উদ্ধার। লুটপাটে বাধা পেয়ে আয়ার হাতে খুন, অভিযুক্ত আটক।

অনিতা ঘোষের ফ্ল্যাট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৫:১৫

খাস কলকাতায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম অনিতা ঘোষ (৬৪)। তিনি পেশায় গায়িকা ছিলেন এবং এলাকায় সঙ্গীতশিল্পী হিসেবেই পরিচিত। বর্তমানে অনলাইনে গান শেখাতেন তিনি। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিতা ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ স্বামী অরূপ ঘোষের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। স্বামী শয্যাশায়ী হওয়ায় তাঁদের দেখভালের জন্য একজন আয়া ও পরিচারিকা রাখা হয়েছিল। সোমবার সকালে হঠাৎ প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে বৃদ্ধার আর্তনাদ শুনতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে ছুটে যান। দরজায় ধাক্কা দিতেই আতঙ্কজনক দৃশ্য সামনে আসে-ছুরি হাতে দাঁড়িয়ে ছিল আয়া। কী হয়েছে জানতে চাইলে সে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেনি। ঘরের ভিতরে ঢুকে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় অনিতা ঘোষকে পড়ে থাকতে দেখেন।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায় এবং অভিযুক্ত আয়াকে আটক করে। প্রাথমিক তদন্ত ও জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

তদন্তকারীদের দাবি, লুটপাটের উদ্দেশ্যেই এই খুন। গয়না ও নগদ টাকা হাতানোর চেষ্টা করছিল আয়া। বিষয়টি টের পেয়ে অনিতা ঘোষ বাধা দিলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সময় ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয় বৃদ্ধাকে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য বা আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share