Eastern Railway

শিয়ালদহ শাখায় যাত্রীদের স্বস্তি, বনগাঁ-ক্যানিং-ডায়মন্ড হারবারে বাড়ল একাধিক লোকাল ট্রেনের রুট

এর ফলে কয়েকটি ট্রেন, যেগুলি আগে নির্দিষ্ট মধ্যবর্তী স্টেশনে যাত্রা শেষ করত, এখন গন্তব্যের আরও দূরবর্তী স্টেশন পর্যন্ত যাবে। ফলে ব্যস্ত সময়ে যাত্রীদের মাঝপথে ট্রেন বদলের ঝামেলা অনেকটাই কমবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০২:৪২

সোমবার অর্থাৎ ২৩ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ক্যানিং এবং শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনে একাধিক লোকাল ট্রেনের সাময়িক যাত্রাপথ বাড়ানো হয়েছে। এর ফলে কয়েকটি ট্রেন, যেগুলি আগে নির্দিষ্ট মধ্যবর্তী স্টেশনে যাত্রা শেষ করত, এখন গন্তব্যের আরও দূরবর্তী স্টেশন পর্যন্ত যাবে। ফলে ব্যস্ত সময়ে যাত্রীদের মাঝপথে ট্রেন বদলের ঝামেলা অনেকটাই কমবে।

রেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন একাধিক ট্রেনে সরাসরি বনগাঁ, ক্যানিং ও ডায়মন্ড হারবার পৌঁছনো সম্ভব হবে। এতে বিশেষ করে অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের সুবিধা বাড়বে। বনগাঁ শাখায় আগে কিছু ট্রেন দত্তপুকুর বা গোবরডাঙা পর্যন্ত গিয়েই শেষ হত। এখন ৩৩৬১৭ নম্বর শিয়ালদহ–দত্তপুকুর লোকাল সরাসরি বনগাঁ পর্যন্ত যাবে এবং সকাল ১১টা ৪৪ মিনিটে সেখানে পৌঁছবে। একই ট্রেন ৩৩৬২২ নম্বর হয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে বনগাঁ থেকে শিয়ালদহের উদ্দেশে ফিরবে। এছাড়া রাতের ৩৩৬৮৫ নম্বর শিয়ালদহ–গোবরডাঙা লোকাল রাত আটটা ২৩ মিনিটে ছেড়ে রাত ১০টা ৩১ মিনিটে বনগাঁ পৌঁছবে। ৩৩২৭১ নম্বর দমদম–গোবরডাঙা লোকালও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে ছেড়ে রাত ন'টা ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে।

ক্যানিং শাখায় ৩৪৩৯২ এবং ৩০৫৫২ নম্বর ট্রেন, যা আগে চম্পাহাটি ও ঘুটিয়ারি শরিফ পর্যন্ত চলত, এখন সরাসরি ক্যানিং পর্যন্ত যাবে। ফিরতি পথে ৩০৫১১ এবং ৩৪৩৯১ নম্বর ট্রেন ক্যানিং থেকেই ছাড়বে।

অন্যদিকে ডায়মন্ড হারবার শাখায় ৩৪৮৯৮ নম্বর শিয়ালদহ–মগরাহাট লোকালের রুট বাড়িয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত করা হয়েছে। ট্রেনটি রাত আটটা ৩৮ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছবে। এই সাময়িক পরিবর্তনে বহু যাত্রীর যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।


Share