Weather Update

উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত কারণে নাজেহাল জনজীবন

তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১১:২৭

রাজ্যের দু'প্রান্তে ভিন্ন আবহাওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির সূচনা। অন্য দিকে দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহের শেষভাগে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে।

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড-ওড়িশা এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

এ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতিও কিছুটা ধীর হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করলেও এ বছর অনুকূল পরিস্থিতির অভাবে কিছুটা দেরি হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কেরল ও তামিলনাড়ুর আরও বিস্তীর্ণ অংশে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে আজ ও আগামীকাল দার্জিলিংয়ের সমতল এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এর জেরে সপ্তাহের শেষের আগেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে বিপরীত চিত্র। আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। রোদের তেজ বাড়বে।বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে অস্বস্তি আরও বাড়বে। আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বৃহস্পতিবার থেকে স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে হালকা ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৩ শতাংশের মধ্যে রয়েছে। ফলে আগামী কয়েক দিন গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত ভোগান্তিও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।


Share