Human Trafficking

ট্রাভেল এজেন্সির আড়ালে আন্তর্জাতিক মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, দুর্গাপুরে চলছে এনআইএয়ের তল্লাশি অভিযান

গত তিন বছর আগে মানবপাচার চক্রের তদন্তে নেমে অসম, হরিয়ানা, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে অভিযান চালানো হয়েছিল। বেশ কয়েক জন গ্রেফতারও হয়েছিল। এই তল্লাশি সেই মামলার সঙ্গে জড়িত কি না তা এখনও স্পষ্ট নয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০১:৫৫

সাতসকালে এনআইএয়ের অভিযান দুর্গাপুরে। ট্রাভেল এজেন্সির আড়ালে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা পৌঁছে গিয়েছেন। অভিযোগ, ওই ব‍্যক্তি আন্তর্জাতিক মানব পাচারচক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাকে আটক করা হয়েছে  বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার গোলাম রাজা নামে এক ব‍্যক্তির বাড়িতে এনআইয়ের আধিকারিকেরা পৌঁছেছে। ওই ব‍্যক্তি আদতে বিহারের মুজফফরপুরের বাসিন্দা। গত চার বছর আগে দুর্গাপুরে এসে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। বাড়িতে তার দুই ছেলে রয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রথমে গোলাম জুতোর ব্যবসা শুরু করে। পরে একটি ট্রাভেল এজেন্সির ব‍্যবসা শুরু করে।

এনআইএ সূত্রের খবর, মধ‍্যপ্রাচ‍্যে শ্রমিক সরবরাহের নাম করে মানব পাচার করত। বিদেশযাত্রা মসৃণ করতে জাল পরিচয়পত্র ব্যবহার করে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিত। বিনিময়ে বিপুল অঙ্কের টাকা লেনদেন করেছে। স্থানীয়দের দাবি, গোলাম মাঝেমধ্যেই মালয়েশিয়া এবং সৌদি আরবে যাতায়াত করত। এলাকার লোকজনের সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলত না বলেও স্থানীয়েরা দাবি করেছে।

সোমবার ভোরে দুর্গাপুরের ওই এলাকায় এনআইয়ের একটি দল অভিযানে যায়। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ছিলেন। বাড়িটি ঘিরে ফেলেন তাঁরা। প্রায় তিন ঘন্টা তল্লাশির পরে গোলাম রাজাকে আটক করে নিয়ে যান। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে এনআইএ।

গত তিন বছর আগে মানবপাচার চক্রের তদন্তে নেমে অসম, হরিয়ানা, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে অভিযান চালানো হয়েছিল। বেশ কয়েক জন গ্রেফতারও হয়েছিল। এই তল্লাশি সেই মামলার সঙ্গে জড়িত কি না তা এখনও স্পষ্ট নয়। এনআইয়ের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি।


Share