Narendra Modi

রেড রোডে যোগাসনে নরেন্দ্র মোদী, অংশগ্রহণকারীদের ভঙ্গি নিজেই শুধরে দিলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন যোগাসনের অনুশীলন করার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যেও ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। কয়েকজনের যোগভঙ্গি নিজে থেকে সংশোধন করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

রেড রোডে যোগাসনের ভুল শুধরে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১০:৫১

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার রেড রোডে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের এই বিশেষ অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

ভোরেই রেড রোডে পৌঁছে যোগাভ্যাসে অংশ নেন প্রধানমন্ত্রী। বিভিন্ন যোগাসনের অনুশীলন করার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যেও ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। কয়েকজনের যোগভঙ্গি নিজে থেকে সংশোধন করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

শনিবার দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে রাজ্যে পৌঁছোন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে হুগলির তারকেশ্বরে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি কলকাতায় রাত্রিবাস করেন। পরদিন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নিতে রেড রোডে উপস্থিত হন।

রেড রোডের অনুষ্ঠানের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়। বহু মানুষ সেখানে জড়ো হয়ে অনুষ্ঠান দেখেন এবং অনেকেই সম্প্রচার দেখতে দেখতে যোগাভ্যাসেও অংশ নেন।

যোগাভ্যাস শুরুর আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ‘যোগা ফর হেলদি এজিং’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বার্ধক্যেও সুস্থ ও সক্রিয় জীবনযাপনের অন্যতম চাবিকাঠি হতে পারে যোগচর্চা। তাঁর কথায়, “৪০ বছর বয়সেও যোগচর্চা মানুষকে ২০ বছরের সতেজতা অনুভব করাতে পারে।”

ভারতীয় যোগচর্চার বিশ্বব্যাপী প্রসারে স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের পারস্পরিক সংযোগের ওপর গুরুত্ব দিয়েছিলেন, আর সেই সংযোগেরই প্রতীক যোগ। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ঋষি অরবিন্দের মতে সমগ্র জীবনই এক ধরনের যোগসাধনা। তাই যোগ কেবল শরীরচর্চা নয়, বরং মানবচেতনার এক গভীর প্রকাশ।

অন্য দিকে, আন্তর্জাতিক স্তরে যোগচর্চাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share