Metro Railway

রবিবার ব্লু লাইনে ভাঙাপথে মেট্রো! সন্ধ্যা পর্যন্ত টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম বন্ধ পরিষেবা

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর, রবিবার দিনের প্রায় সাড়ে ন'ঘণ্টা মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙাপথেই চলবে কলকাতা মেট্রো। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর, রবিবার দিনের প্রায় সাড়ে ন'ঘণ্টা মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ফলে ওই সময়ে দক্ষিণ কলকাতার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ব্লু লাইনে গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ হবে। ট্রাফিক এবং পাওয়ার ব্লক করে ওই কাজ চালানো হবে। সেই কারণে সকাল ন'টা থেকে সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে আপ ও ডাউন—দুই দিকেই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

তবে এই সময়ের মধ্যে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়বে না। রবিবার ব্লু লাইনে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ন'টায়। ফলে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত আপ ও ডাউন—দুই দিকেই স্বাভাবিক পরিষেবা মিলবে।

সন্ধ্যা সাড়ে ছ'টার পর ফের দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ, রবিবার দিনের একটি বড় সময় দক্ষিণ কলকাতার মেট্রো পরিষেবা বিঘ্নিত থাকায় টালিগঞ্জের পরের স্টেশনগুলিতে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হতে পারে।

রবিবার সাধারণত অফিসযাত্রীদের চাপ কম থাকলেও শহরের অন্যতম প্রধান গণপরিবহণ মেট্রো। ফলে সকাল ন'টা থেকে সন্ধ্যা সাড়ে ছ'টা পর্যন্ত টালিগঞ্জের পরের অংশে পরিষেবা বন্ধ থাকায় ছুটির দিনের যাত্রীদেরও সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।


Share