TMC Political Crisis

এনডিএ সমর্থনের জল্পনার মাঝেই মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে সরানো হল মালা রায়কে, নতুন দায়িত্বে আলিফা আহমেদ

যদিও গত ৮ জুন মালা রায় নিজেই সভানেত্রীর পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে।

(বাঁ দিক থেকে) মালা রায় এবং আলিফা আহমেদ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১২:০৮

মহিলা তৃণমূলের সভানেত্রীর পদে রদবদল করল তৃণমূল। দায়িত্ব হারালেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। তাঁর জায়গায় নতুন সভানেত্রী হিসেবে দায়িত্ব পেলেন নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ।

শুক্রবার রাজ্য তৃণমূল সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য চিঠি দিয়ে আলিফা আহমেদকে নতুন দায়িত্বের কথা জানান। পরে সেই চিঠি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সমাজমাধ‍্যমে পোস্ট করেন।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। তারপর থেকেই তৃণমূলের অন্দরে কোন্দল শুরু হয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ পদে বদল আনা হচ্ছে। সেই আবহেই এ বার মহিলা তৃণমূলের সভানেত্রীর পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল।

তৃণমূল বিরের বহুদিনের বিশ্বস্ত সৈনিক হিসেবে মালা রায়ের নাম উঠে আসে। তিনিই মহিলা তৃণমূলের সভানেত্রীর পদে ছিলেন। পাশাপাশি তিনি একজন সাংসদ। কলকাতা পুরসভার চেয়ারপার্সন পদেও তিনি রয়েছেন। কিন্তু সম্প্রতি কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে বিক্ষুব্ধ সাংসদদের শিবিরে মালা রায়ের নাম সামনে আসে। এনডিএ-কে সমর্থনের প্রস্তাবপত্রেও সই করেছিলেন বলে দলীয় সূত্রে দাবি। শুক্রবার তা প্রকাশ্য আসে। তার পরই দলের পদ থেকে মালাকে সরিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত ৮ জুন মালা রায় নিজেই সভানেত্রীর পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে।

অন্য দিকে, ২০২৪ সালের উপনির্বাচনে জয়। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে জয়। ফলত আলিফা আহমেদের উপর দলের আস্থা আরও বেড়েছে। সেই কারণেই তাঁকে মহিলা তৃণমূলের শীর্ষ পদে আনা হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

নতুন দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন আলিফা। এক ভিডিও বার্তায় তিনি জানান, কালীগঞ্জের মানুষের সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হত না। পাশাপাশি গোটা রাজ্যের মা-বোনদের জন্য কাজ করার অঙ্গীকারও তিনি করেছেন।

সেই সঙ্গে দলের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের বার্তাও দিয়েছেন নতুন সভানেত্রী। তাঁর কথায়, দলের এই কঠিন সময়ে সবাইকে একসঙ্গে থেকে কাজ করতে হবে।


Share