Assembly Election

বুধবারই চূড়ান্ত হবে বাম-আইএসএফ জোট, আসন সমঝোতার ব্যাপারে কার্যত নিশ্চিত নওশাদ সিদ্দিকি

তবে আসন সমঝোতা এখন কী পরিস্থিতিতে আছে, সেই নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে, তিনি বলেন, “কয়েকটি আসন নিয়ে সামান্য জটিলতা আছে, আগামিকালের বৈঠকে আশা করছি সেটা কেটে যাবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯

কংগ্রেসের সঙ্গে এ বার বামেদের জোট যে হচ্ছে না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে সেই জোট না হলেও নওসাদ সিদ্দিকির আইএসএফের সঙ্গে জোট করবে সিপিএম। বামেদের তরফ থেকে এই নিয়ে মুখ না খুললেও এই বিষয়টি নিয়ে মুখ খুললেন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি। 

আসন্ন বিধানসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে আশাবাদী নওসাদ সিদ্দিকি। জোট প্রসঙ্গে তিনি বলেন, “বামেদের সঙ্গে আইএসএফের সর্বাত্মক জোট হচ্ছে। বুধবার এই জোটের বিষয়ে শেষ কথা বলব। তবে তৃণমূল এবং বিজেপিকে ঠেকাতে বাম–আইএসএফ জোট কার্যত নিশ্চিত।”

তবে আসন সমঝোতা এখন কী পরিস্থিতিতে আছে, সেই নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে, তিনি বলেন, “কয়েকটি আসন নিয়ে সামান্য জটিলতা আছে, আগামিকালের বৈঠকে আশা করছি সেটা কেটে যাবে। যে সমস্ত সম মনোভাবাপন্ন রাজনৈতিক দল আইএসএফের সঙ্গে যোগাযোগ করেছে তাদের প্রত্যেককে বলেছি বামফ্রন্টের সঙ্গে কথা বলতে জোটের বিষয়ে।”

এর আগে সাংবাদিক সম্মেলন থেকে মহম্মদ সেলিম বলেন, “কোন কোন আসনে সিপিআইএম লড়বে সেই নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। যারা বিজেপির ও তৃণমূলের পন্থার বাইরে, তাদের এক করার চেষ্টা চলছে। সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা মারফত কীভাবে রাজ্যে বিকল্প সরকার দিতে পারে সেটার চেষ্টা চলছে।”

আসন সমঝোতার প্রশ্নে সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, “আসন সমঝোতা নিয়ে ৯০% আলোচনা বা কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ১০% হয়ে যাবে। সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে বামেরা আগামী নির্বাচনে।”


Share