Calcutta High Court

যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত আইনজীবী ফিরদৌস শামিমকে আগাম জামিন, ৩১ মার্চ পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ হাই কোর্টের

অভিযোগ অনুযায়ী, এক মহিলা আইনজীবী জানান যে তিনি জুনিয়র হিসেবে ফিরদৌস শামিমের চেম্বারে কাজ শুরু করেছিলেন। সেখানে তাঁর সঙ্গে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই মহিলা দাবি করেছেন, তাঁকে কুরুচিকর মন্তব্য করা হয় এবং অশ্লীল আচরণ করা হয়।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৬:৪৮

সহকর্মী এক জুনিয়র মহিলা আইনজীবীকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত আইনজীবী ফিরদৌস শামিমকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার মামলার শুনানিতে এই নির্দেশ দেয় আদালত।

অভিযোগ অনুযায়ী, এক মহিলা আইনজীবী জানান যে তিনি জুনিয়র হিসেবে ফিরদৌস শামিমের চেম্বারে কাজ শুরু করেছিলেন। সেখানে তাঁর সঙ্গে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই মহিলা দাবি করেছেন, তাঁকে কুরুচিকর মন্তব্য করা হয় এবং অশ্লীল আচরণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, শ্লীলতাহানি (৭৪), যৌন হেনস্থা (৭৫), অশ্লীল আচরণ (৭৯), অপরাধমূলক ভীতি প্রদর্শন (৩৫১-২) এবং অন্যায়ভাবে আটকে রাখার (১২৬-২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর আগাম জামিন ও গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিম। শুনানির সময় তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, ফিরদৌসের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ফিরদৌস শামিমকে গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন ফিরদৌস শামিম। হাই কোর্টের এই অন্তর্বর্তী রক্ষাকবচে আপাতত গ্রেপ্তারির আশঙ্কা থেকে সাময়িক স্বস্তি পেলেন তিনি। আগামী ৩১ মার্চ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।


Share