Abhishek Banarjee

বিদেশে চোখের চিকিৎসায় ফের ধাক্কা অভিষেকের! হাই কোর্টে মিলল না অনুমতি, মেডিকেল কাউন্সিলে জালিয়াতির নতুন অভিযোগ

এই অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৬:২৩

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর আবেদনে ফের ধাক্কা খেল কলকাতা হাই কোর্টে। আদালত স্পষ্ট জানিয়েছে, অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ বৃদ্ধি পেলেও আপাতত বিদেশ সফরের অনুমতি মিলছে না। এরই মধ্যে অভিষেকের বিরুদ্ধে জালিয়াতি ও অপরাধমূলক চক্রান্তের অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী রাজীব সরকারের দাবি, আদালতে জমা দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল সার্টিফিকেটে চিকিৎসকদের স্বাক্ষর থাকলেও তাঁদের রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ নেই। এই অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই সময় চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানান তাঁর আইনজীবীরা। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে বিদেশ সফরের অনুমতি দেওয়া সম্ভব নয়।

হাই কোর্ট স্পষ্ট জানিয়েছে, রাজ্যের বাইরে বা বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে চিকিৎসা করাতে হবে। সেখানকার বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর আদালতে জানাবেন, প্রয়োজনীয় চিকিৎসার পরিকাঠামো কলকাতা বা পশ্চিমবঙ্গে উপলব্ধ রয়েছে কি না। সেই মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরই বিদেশে চিকিৎসার অনুমতির আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

অন্য দিকে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে জমা দেওয়া অভিযোগপত্রে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন অভিযোগকারী রাজীব সরকার। নিজেকে হুইসেলব্লোয়ার ও সমাজসংস্কারক দাবি করে তিনি অভিযোগ করেছেন, বিদেশে যাওয়ার অনুমতি পেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ভুয়ো ও জালিয়াতির মাধ্যমে তৈরি চিকিৎসা-সংক্রান্ত নথি জমা দিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, এই নথির সাহায্যে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

অভিযোগপত্রে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮, ৩৩৬, ৩৩৮ এবং ৩৪০ ধারায় এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার ‘মেডিক্যাল এথিক্স’ বিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট মেডিকেল সার্টিফিকেটে স্বাক্ষরকারী চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই। কেন তা নেই, সেই বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত তদন্তেরও দাবি জানানো হয়েছে।

সব মিলিয়ে, একদিকে কলকাতা হাই কোর্টের নির্দেশে বিদেশযাত্রায় অনিশ্চয়তা, অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দায়ের হওয়া জালিয়াতির নতুন অভিযোগ এই দুইয়ের জোড়া চাপে আপাতত কার্যত থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চোখের চিকিৎসার পরিকল্পনা।


Share