RG Kar

আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে নিরাবতা পালন হল সমস্ত সরকারি হাসপাতালে, উঠল দ্রুত তদন্ত শেষ করার দাবিও

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই তিনি ঘোষণা করেন, রবিবার সকাল ১১টায় রাজ‍্যের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দু’মিনিট করে নিরাবতা পালন করা হবে।

হাসপাতালে চলছে নিরাবতা পালন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ আগস্ট ২০২৬ ১২:৪০

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৯ অগস্ট ভোর বেলা। সেই ঘটনায় আজ তার দু’বছর পূর্তি হল। রাজ‍্যের সমস্ত সরকারি হাসপাতালে সেই ঘটনায় নিহত নির্যাতিতা তরুনী চিকিৎসককে স্মরণ করা হল। তৃণমূল জমানায় বিচারের কথা হয়েছে কিন্তু সরকারি উদ্যোগে নির্যাতিতাকে স্মরণ করা হয়নি। বিজেপি সরকার গঠন করেই এই উদ্যোগ নিয়েছে। এ দিন সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিতে দু’মিনিট করে নিরাবতা পালন করা হল। প্রদীপ জ্বালিয়ে নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসককে শ্রদ্ধাও জানানো হল।

 

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই তিনি ঘোষণা করেন, রবিবার সকাল ১১টায় রাজ‍্যের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দু’মিনিট করে নিরাবতা পালন করা হবে। তার আগে নির্যাতিতার প্রতীকী ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সরকারি উদ্যোগেই এটা করা হবে বলে ঘোষণা করেছিলেন। 

রবিবার সকালে সরকারি নির্দেশিকা মেনে তা পালন করা হল। আরজি কর হাসপাতালে এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ঘটনার পর থেকেই তিনি সরব হয়েছিলেন। আন্দোলনকারীদের সঙ্গে তাঁর স্ত্রী-কেও দেখা গিয়েছিল। ঘটনায় যাঁরা প্রমাণ লোপাট করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছিলেন। তার জন‍্য শান্তুনুকে দলবিরোধী কার্যকলাপে জন্য শো-কজও করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তা-ও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। আরজি কর হাসপাতালে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন। 

অন‍্য দিকে, এই দিনটিকে স্মরণ করতে নির্যাতিতার পাড়াতেও অনুষ্ঠান রয়েছে। বর্তমানে নির্যাতিতার মা রত্না দেবনাথ পানিহাটির বিজেপি বিধায়ক। এ দিন নির্যাতিতার নামে তৈরি হওয়া একটি ট্রাস্ট সোদপুরের লোকসংস্কৃতি ভবনের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যেতে পারেন। সেখানে এই ট্রাস্ট আগামী দিনে কী ভাবে কাজ করবে তা পরিকল্পনা স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে আরজি কর কান্ডের তদন্ত করতে সিট গঠন হয়েছে। সেই সিটের তদন্ত নিয়েও খুশি ছিল না নির্যাতিতার পরিবার। আদালতের নির্দেশে তদন্তকারী আধিকারিক বদল করা হয়েছে। সিবিআইয়ের তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাই কোর্টও। ঘটনার আগে কী হয়েছিল তা তদন্তের আওতায় আনা হয়নি বলে অভিযোগ রয়েছে। সিবিআই গত বৃহস্পতিবার শুনানিতে সিবিআইয়ে ভর্ৎসনা করেছেন বিচারপতি তির্থঙ্কর ঘোষ। 


Share