Suvendu Adhikari

পিত্তথলির বদলে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের অভিযোগ, গোপালের পাশে মুখ্যমন্ত্রী! আর্থিক সাহায্যে অনুমোদন

গোপাল জানান, মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁকে বলা হয়েছে, আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। পাশাপাশি, বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩২

কয়েক দিন আগে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে পিত্তথলির বদলে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের অভিযোগ প্রকাশ্যে আসে। সেই খবরের পর রোগী গোপাল পোড়েলের সঙ্গে ফোনে যোগাযোগ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর। গোপাল জানান, মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁকে বলা হয়েছে, আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। পাশাপাশি, বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।

পূর্ব কলকাতার বেলেঘাটার প্রান্তিক পরিবারের বাসিন্দা ৪৭ বছরের গোপাল পোড়েল। জীবিকা নির্বাহ করেন একশো দিনের কাজ করে। বেশ কয়েক দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছিল। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে, পিত্তথলিতে পাথর রয়েছে। গোপালের অভিযোগ, নীলরতন সরকার মেডিকেল কলেজে তাঁর গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেই মতো সার্জারি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। কিন্তু অভিযোগ, ভুলবশত তাঁর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আনেন গোপালের এলাকার বিধায়ক কুণাল ঘোষ। এরপর গলব্লাডার স্টোনের অস্ত্রোপচারের জন্য গোপালকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পরই স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় রিপোর্ট তলব করেছিলেন। যদিও মঙ্গলবার এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন তিনি।

বিষয়টা জানার পরই মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে কথা বলা হয়। এরপর গোপালবাবুর সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি বলেন, “আর্থিকভাবেও আমি নিঃস্ব। এই পরিস্থিতিতে মাননীয় কুণাল ঘোষ আমার জন্য দরবার করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমায় সাহায্য করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে যে, আমাকে আর্থিক সাহায্যের বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চেয়ে পাঠানো হয়েছে।”


Share