Electric Bills

এ বার থেকে প্রতি মাসে দেওয়া যাবে বিদ্যুতের বিল, স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানুয়ারি থেকে প্রতিমাসে বিদুতের বিল প্রতিমাসে দেওয়া যাবে। আইসিডিএস সেন্টার গুলিতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা থাকবে। বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় বলেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিদ্যুৎ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১০:৩৮

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিদ্যুৎ বণ্টন ও সরবরাহ দফতরের বাজেটের জবাবি ভাষণে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে।

সবচেয়ে বড় ঘোষণা, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (ডব্লিউবিএসইডিসিএল)-র গ্রাহকদের আর তিন মাস অন্তর নয় থেকে প্রতি মাসেই এ বার থেকে বিদ্যুতের বিল দেওয়া হবে। বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানান, সিইএসসি-র মতো মাসিক বিলিং ব্যবস্থা চালু করা হচ্ছে। যাতে গ্রাহকদের একসঙ্গে বেশি অঙ্কের বিলের চাপ কমে।

স্মার্ট মিটার নিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, রাজ্যের প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় সাধারণ বা গৃহস্থালি গ্রাহকদের ক্ষেত্রে এমন কোনও বাধ্যবাধকতা নেই বলেও তিনি উল্লেখ করেন। তাই এই বিষয়টি নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে তিনি আশ্বস্ত করেন।

তবে সরকারি দফতর ও বিভিন্ন সরকারি কার্যালয়ে স্মার্ট মিটার বসানোর কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি বর্তমানে যে বিলিং ব্যবস্থা চালু রয়েছে, সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে সেটিই বহাল থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও, সমাজকল্যাণের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। তিনি জানান, রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাজ্যসরকার সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে।

বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথাও এদিন তিনি ঘোষণা করেন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে রাজ্য সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share