TMC Leader Arrested

কলকাতার ফ্ল্যাট থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, ভোট পরবর্তী হিংসা মামলায় পদক্ষেপ করল পুলিশ

গ্রেফতারের পর উদয়ন গুহ অভিযোগ করেন, যে মামলায় তাঁকে আটক করা হয়েছে, সেই মামলায় তাঁর আগাম জামিন রয়েছে। পুলিশের বিরুদ্ধে তিনি বেআইনি ও অনৈতিকভাবে গ্রেফতার করার অভিযোগও তোলেন।

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৪:৩৭

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। তাঁকে বুধবার কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে। কলকাতার ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পুলিশ উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন— দু'টি নির্বাচনের পর কোচবিহারে ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই মামলার সূত্র ধরেই এই গ্রেফতারি বলে পুলিশের একাংশের দাবি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, প্রতারণা সংক্রান্ত একটি মামলাতেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

গ্রেফতারের পর উদয়ন গুহ অভিযোগ করেন, যে মামলায় তাঁকে আটক করা হয়েছে, সেই মামলায় তাঁর আগাম জামিন রয়েছে। পুলিশের বিরুদ্ধে তিনি বেআইনি ও অনৈতিক ভাবে গ্রেফতার করার অভিযোগও তোলেন।

উল্লেখ্য, চলতি বছরের ৪ মে দিনহাটা বিধানসভা কেন্দ্রে পরাজয় হয়েছে। তার পর থেকেই উদয়ন গুহ মূলত কলকাতাতেই অবস্থান করছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।

উদয়নের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় দাবি করেন, উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর কথায়, বিজেপি কর্মী রতন বর্মণ হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি, আবাস যোজনায় কাটমানি এবং বীজ সংক্রান্ত মামলায় তাঁর নাম জড়িয়েছে।২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টেও তাঁর নাম উঠে এসেছিল বলে তিনি দাবি করেন। 

অজয়ের বক্তব্য, অনেক আগেই উদয়ন গুহকে আইনের আওতায় আনা উচিত ছিল। সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন উদয়ন গুহ। ২০১৫ সালের অক্টোবরে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর বাবা কমল গুহ বামফ্রন্ট সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। ২০১১ সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে এবং ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে দিনহাটা কেন্দ্র থেকে উদয়ন জয়ী হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হয়। পরে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পান। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে ১৭ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন।

উদয়ন গুহর গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর দিনহাটার পাঁচমাথা মোড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সেখানে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। বিজেপি বিধায়ক অজয় রায়কে দলীয় কর্মীরা মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে রাজ্যের আরও তিন মন্ত্রী— সুজিত বসু, দিলীপ মণ্ডল এবং উজ্জ্বল বিশ্বাস — গ্রেফতার হয়েছিলেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।


Share