Rape

দমদমে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন! অপরাধ ধামাচাপার চেষ্টায় ধৃত প্রাক্তন কাউন্সিলর, থানা ঘেরাও করে বিজেপির বিক্ষোভ

অভিযোগ উঠেছে, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ঘটনাটি আইনি পথে না নিয়ে গিয়ে আপস বা 'মিটমাট' করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৪:৫৫

সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগকে। এমনই অভিযোগ উঠছে দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। এই ঘটনায় অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং মূল অভিযুক্তকে আড়াল করার অভিযোগে শাসকদলের এক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার এক প্রতিবেশী ওই শিশুটিকে কোলে নিয়ে বাড়ির সামনে ঘুরছিলেন। অভিযোগ, শিশুটির হাতে মোবাইল ফোন দিয়ে ভুলিয়ে তাকে কিছুটা দূরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। এক প্রতিবেশী ঘটনাটি প্রত্যক্ষ করার পর এলাকায় শোরগোল শুরু হলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযোগ উঠেছে, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ঘটনাটি আইনি পথে না নিয়ে গিয়ে আপস বা 'মিটমাট' করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।

ঘটনাকে ঘিরে এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে আড়াল করা এবং তাঁকে পালাতে সাহায্য করার অভিযোগ তুলে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তাঁর অভিযোগ, ‘‘প্রাক্তন কাউন্সিলর অনেক অভিযোগে অভিযুক্ত। কিন্তু এ বার তিনি যে কাজ করলেন... একটি শিশুর সঙ্গে যে বর্বরোচিত আচরণ করল, তার পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন! শুধু তা-ই নয় প্রত্যক্ষদর্শীকে হুমকি দিয়ে চুপ থাকতে বলেছেন। আমরা অভিযোগ জানিয়েছে। আশা করছি, পুলিশ সঠিক পদক্ষেপ করবে।’’

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বয়স চল্লিশের কোঠায় এবং তিনি ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। এ দিকে, শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত অভিযুক্ত ও প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে দমদম থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা। এর পরেই দমদমের ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Share