Murder

ময়দান এলাকায় পাঁচ মাসের শিশুকন্যাকে খুন করে দেহ ডাস্টবিনে ফেলেন বাবা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর

দেবজিৎ তাঁদের পাঁচ মাসের কন্যাসন্তানকে পিটিয়ে হত্যা করেছেন। অভিযোগ, ঘটনার পর শিশুটির দেহ জওহরলাল নেহরু রোড লাগোয়া একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১১:৩৯

কলকাতার ময়দান থানা এলাকায় নিজের পাঁচ মাসের শিশুকন্যাকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। অভিযুক্তের নাম দেবজিৎ জানা ওরফে পিকলু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শিশুকন্যাকে মারধর করে খুন করার পর দেহ একটি ডাস্টবিনে ফেলে দেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকায় গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, স্থানীয় কয়েক জন একটি যুবককে আটক করে রেখেছেন। জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় জানা যায়। ওই সময় এক তরুণীকে কান্নাকাটি করতে দেখেন স্থানীয়রা। পরে তিনি নিজের নাম কাজল জানা বলে জানান এবং অভিযোগ করেন, তাঁর স্বামী দেবজিৎ তাঁদের পাঁচ মাসের কন্যাসন্তানকে পিটিয়ে হত্যা করেছেন। অভিযোগ, ঘটনার পর শিশুটির দেহ জওহরলাল নেহরু রোড লাগোয়া একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

কাজলের দাবি, ঘটনাটি ঘটেছে গত রবিবার। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে নিয়ে সংশ্লিষ্ট ডাস্টবিনে তল্লাশি চালালেও কোনও দেহ উদ্ধার হয়নি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কাজলকে বিভ্রান্ত এবং অসংলগ্ন অবস্থায় দেখা যায়। বিভিন্ন প্রশ্নেরও তিনি স্পষ্ট উত্তর দিতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর।

ছোটু মীর নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দেবজিৎকে। যদিও এখনও পর্যন্ত শিশুটির দেহ উদ্ধার হয়নি।

তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার রাতে অভিযুক্ত কী পোশাক পরেছিলেন, তা উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, সোমবার যে পুরসভার গাড়ি ডাস্টবিনটি খালি করেছিল, সেটিকেও চিহ্নিত করা হয়েছে। সেই সূত্র ধরেই দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে অভিযুক্ত এবং তাঁর স্ত্রী দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Share