RG Kar Case

মেডিকেলে উচ্চশিক্ষায় বেনিয়মের অভিযোগ, অভিক দে-র বিরুদ্ধে তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর, ১০ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ

গোটা প্রক্রিয়ার অনুসন্ধান করতে তদন্ত কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। কী ভাবে তিনি বেনিয়ম করেছিলেন তার রিপোর্ট স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জমা দিতে বলা হয়েছে।

সাসপেন্ড হওয়া চিকিৎসক অভীক দে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১২:১৫

আবার বিতর্কে আরজি করকাণ্ডের পরে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মেডিকেলে সরকারি উচ্চশিক্ষায় ভর্তিতে তিনি বেনিয়ম করেছেন। এই অভিযোগের তদন্ত করতে স্বাস্থ্য দফতর একটি কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করতে যা প্রয়োজনীয় তার ব‍্যবস্থা স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

অভীক বর্ধমান মেডিকেল কলেজে আরএমও পদে কর্মরত ছিলেন। স্বাস্থ্য দফতর মনে করছে, সেখান থেকে মেডিকেলের স্নাতকোত্তরের জন্য এসএসকেএমে ভর্তি হন। সেই ভর্তিতেই বিস্তর অনিয়ম হয়েছে বলে স্বাস্থ্য দফতর মনে করছে। স্বাস্থ্য দফতর মনে করছে, প্রভাব খাটিয়ে সেখানে মেডিকেলে ভর্তি হয়েছেন। তার জন‍্য ‘সার্ভিস কোটা’ ব‍্যবহার করা হয়েছে। তিনি কীভাবে সেখানে ভর্তি হলেন, তার ভর্তিতে অনুমোদন কে দিল— এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি স্বাস্থ্য দফতর গঠন করেছে। অভীক বর্তমানে সাসপেনশনে রয়েছেন।

স্বাস্থ্য দফতর কমিটিতে চার সদস্যের কমিটি গঠন করেছে। সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানকে কমিটির মাথায় রাখা হয়েছে। আরজি করের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে কমিটিতে রাখা হয়েছে। এই দু’জন ছাড়া বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোমনাথ দাস এবং বর্ধমান মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের চিকিৎসক কৌশিক মিত্রকে রাখা হয়েছে।

এই গোটা প্রক্রিয়ার অনুসন্ধান করতে তদন্ত কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। কী ভাবে তিনি বেনিয়ম করেছিলেন তার রিপোর্ট স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে জমা দিতে বলা হয়েছে।


Share