Coal Scam

কয়লাপাচার মামলায় বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে আবার ইডির অভিযান, চলছে সকাল থেকে তল্লাশি

২০২৪ সালে সে সময় দুর্নীতি হয়েছে সেই সময় তিনি বারাবনি থানায় ওসি ছিলেন। সেই সময় তাঁকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছিল ভবানী ভবন। পরে তাঁকে বুদবুদ থানায় ওসি পদে বদলি করা হয়। পরের দিনই নির্দেশিকা বাতিল করে তাঁকে স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়।

বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১১:৫২

আবার কয়লাপাচার মামলায় বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে গেল ইডির আধিকারিকেরা। বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা নগরের বাড়িতে পৌঁছে গিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাঁর বাড়ি ঘিরে রেখেছে।

মনোরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ, তিনি রানিগঞ্জ, আসানসোল কয়লাবেল্টে চুরির কয়লা পাচারে মাফিয়াদের সাহায্য করেছেন। তার বিনিময়ে মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ নিয়েছেন। সেই টাকা কোথায় ,কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গিয়েছে তারই সূত্র খুঁজে পেতে এর আগে তিনবার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছিল। তা-ও তিনি যাননি। ইডির নির্দেশ অমান্য করায় তদন্তকারীরা আইনি পথে হাঁটার কথাও চিন্তাভাবনা করে রেখেছে। ইডি সূত্রের খবর, তাই এ দিন সকালে অম্বুজা নগরের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির তদন্তকারীরা। এ দিন তাঁর বাড়িতে একটি নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ১৩ মার্চ সিজিও কমপ্লেক্সে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এই নিয়ে চতুর্থবার তাঁকে তলব করা হল। এর আগে এই মামলায় তাঁর স্ত্রীকেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি যাননি।

গত ৩ ফেব্রুয়ারি একযোগে ন’টি জায়গায় ইডির তদন্তকারীরা তল্লাশি অভিযান চালায়। তৎকালীন বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে তাঁরা যান। ২০২৪ সালে সে সময় দুর্নীতি হয়েছে সেই সময় তিনি বারাবনি থানায় ওসি ছিলেন। সেই সময় তাঁকে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছিল ভবানী ভবন। পরে তাঁকে বুদবুদ থানায় ওসি পদে বদলি করা হয়। পরের দিনই নির্দেশিকা বাতিল করে তাঁকে স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়।

উল্লেখ্য, ওই দিন পান্ডবেশ্বরের বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডি আধিকারিকেরা গিয়েছেন। তাঁর একটি বাড়ি পানাগড়েও রয়েছে। সেখানে পৌঁছে ছিলেন ইডির তদন্তকারীরা। জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়ি, তাঁর দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও ইডি সকাল থেকে তল্লাশি চলছে। এর পাশাপাশি জামুড়িয়ার পঞ্জাবি মোড়ে একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি গুদামেও ইডি আধিকারিকেরা গিয়েছেন। জামুড়িয়া হাটতলা এলাকার বনসল হার্ডওয়্যার নামের একটি দোকানেও তল্লাশি চলেছিল।


Share