Special Intensive Revision

দিকে দিকে এসআইআরের শুনানিকেন্দ্রে অশান্তি! রাজ‍্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন

বুধবার নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই নির্দেশ কোনও ভাবেই অমান্য করা যাবে না। কোনও শুনানিকেন্দ্রে অশান্তি বরদাস্ত করা হবে না। যদি হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১১:২০

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানিকেন্দ্রে দিকে দিকে অশান্তির ছবি ধরা পড়েছে। এসআইআর-এর কাজে যাতে কোনও রকমের সমস্যা না হয় তার জন‍্য রাজ‍্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এ বার সেই নির্দেশ রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, কোনও শুনানিকেন্দ্রে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। তার জন‍্য যেন এসআইআরের কাজে ব‍্যহত না হতে পারে। তা নিশ্চিত করতেই হবে। কোনও মতেই নির্দেশকে অমান্য করা যাবে না।

বুধবার জাতীয় কমিশনের সচিব পবন দিওয়ান তরফে রাজ‍্যের মুখ‍্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে একটি নির্দেশিকা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, রাজ‍্যের কোনও শুনানিকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয়। আর তার জন‍্য যেন এসআইআরের কাজে কোনও বাধার সৃষ্টি না হয়। এমন পরিস্থিতি যাতে না তৈরি হয় তা নিশ্চিত করবেন রাজ‍্য পুলিশের ডিজি, প্রতিটি জেলা পুলিশের সুপার, মহকুমা শাসক এবং কলকাতা পুলিশের কমিশনার।

বুধবারের নির্দেশিকায় কমিশন এ-ও জানিয়েছে, রাজ‍্যের প্রতিটা পঞ্চায়েত ভবন, তালুকা, ব্লক অফিস, শহর এবং শহরতলি এলাকায় প্রতিটি ওয়ার্ড অফিসে এসআইআরের কাজ হবে। সেখানে ভোটারেরা নথিপত্র জমা দেবেন। সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যে পরিমাণ কর্মীর প্রয়োজন তার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে দিতেই হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই নির্দেশ কোনও ভাবেই অমান্য করা যাবে না। কোনও শুনানিকেন্দ্রে অশান্তি বরদাস্ত করা হবে না। যদি হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাজ্যের একাধিক জেলায় এসআইআরের শুনানিকেন্দ্রে অশান্তির ঘটনা ঘটেছে। ফরাক্কায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এসআইআরের শুনানিকেন্দ্রে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এক পুলিশকর্মীও জখম হন। চাকুলিয়ার এক শুনানিকেন্দ্রেও একই ঘটনা ঘটে। ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করেও অশান্তি হয়। তার মধ্যেই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।


Share