Suvendu Adhikari

সরাসরি সরকারের দরজায় পৌঁছোবে অভিযোগ, শুরু ‘আপনার সরকার, আপনার পাশে’ প্রকল্প, ফোন ও ইমেলে জানানো যাবে সমস্যা

সোমবার থেকে শনিবার, প্রতিদিন সকাল ন'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। অভিযোগ বা সমস্যার কথা জানাতে হেল্পলাইন নম্বর ৮২৮২০৮২৮২০-এ ফোন করা যাবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০১:০৩

‘জনতার দরবারে’র পর এ বার সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। চালু করা হল ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে একটি বিশেষ হেল্পলাইন পরিষেবা। সোমবার থেকে শনিবার, প্রতিদিন সকাল ন'টা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। অভিযোগ বা সমস্যার কথা জানাতে হেল্পলাইন নম্বর ৮২৮২০৮২৮২০-এ ফোন করা যাবে। পাশাপাশি ই-মেল মারফতও অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট ই-মেল আইডি হল asap@wb.gov.in।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ব্যবস্থাতেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া বেশ কয়েকটি কর্মসূচির পরিবর্তে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এরই মধ্যে বন্ধ হয়ে গিয়েছে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি। সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সহজ করতে ‘আপনার সরকার, আপনার পাশে’ প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানান, প্রকল্পের নামকরণের দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে। তাঁর প্রস্তাবিত নামই চূড়ান্ত করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে হেল্পলাইন নম্বর ও ই-মেল আইডি প্রকাশ করে সরকার।

উল্লেখ্য, তৃণমূল সরকারের সময়ে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া জানাতে পারতেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘দিদিকে বলো’ কর্মসূচিও চালু করা হয়েছিল। তবে সেই সময় অভিযোগ উঠেছিল, কর্মসূচির জন্য ব্যবহৃত ফোন নম্বরগুলি ভোটকুশলী সংস্থা আইপ্যাকের সঙ্গে যুক্ত ছিল এবং অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের অভিযোগ যথাযথভাবে পৌঁছোত না। পরবর্তীকালে ওই নম্বরগুলিতে যোগাযোগ করতেও সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ ছিল।

বর্তমান রাজ্য সরকারের দাবি, নতুন হেল্পলাইন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও তার নিষ্পত্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।


Share