Marlin Group

জমি দখল মামলায় অভিযুক্ত সুশীল মোহতার সঙ্গে মধ্যাহ্নভোজে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! রয়েছে রাজ্যের দুই মন্ত্রীও, সমাজমাধ‍্যমে ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

মধ‍্যাহ্নভোজের টেবিলে মুখ‍্যমন্ত্রী ছাড়াও রয়েছেন, রাজ‍্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ, উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এক টেবিলে সুশীল মোহতা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৯

বেআইনি ভাবে জমি দখল মামলায় অভিযুক্ত নির্মাণ ব‍্যাবসায়ী সুশীল মোহতার সঙ্গে মধ‍্যাহ্নভোজ করেছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়েছে। এমন এক ব‍্যবসায়ী কী ভাবে টেবিল পর্যন্ত পৌঁছোল তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

মধ‍্যাহ্নভোজের টেবিলে মুখ‍্যমন্ত্রী ছাড়াও রয়েছেন, রাজ‍্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ, উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। ইডির আধিকারিক-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরাও ওই টেবিলে ছিলেন বলে দাবি করা হয়েছে।

সুশীল মোহতা ও তাঁর মার্লিন গ্রুপের বিরুদ্ধে আনন্দপুর থানায় জমি দখলের মামলা রয়েছে। গত ৮ এপ্রিল জাল নথি দিয়ে জমি দখল মামলায় সুশীল মোহতা এবং তাঁর ছেলে সাকেত মোহতার একাধিক ঠিকানায় ইডি অভিযান চালিয়েছিল। তবে সেই মামলা এখনও ফাইল বন্দি। সেই মামলার গতিপ্রকৃতি কী রয়েছে তা-ও স্পষ্ট নয়।

এই ছবি সমাজমাধ‍্যমে পোস্ট করেছেন আর এক আবাসন ব্যবসায়ী "NOVESTA" গ্রুপের কর্ণধার শৌভিক কুইল্যা। ‘এখন কলকাতা’ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে কোন কোন ইডির আধিকারিক সেখানে উপস্থিত ছিল তা যাচাই করেনি ‘এখন কলকাতা’।

তবে ভিডিয়ো সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কীভাবে এই অভিযুক্ত মুখ্যমন্ত্রীর মধ‍্যাহ্নভোজের টেবিল পর্যন্ত এলেন, কারা এই জমি দখল মামলায় অভিযুক্ত সুশীল মোহতাকে সেখানে পৌঁছে দিল তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আয়োজকরা কী জানতেন না সুশীল মোহতার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালিয়েছিল নাকি বিতর্ক আরও উস্কে দিতে ইচ্ছাকৃত ভাবে মুখ‍্যমন্ত্রীর কাছে তাঁকে নিয়ে যাওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, সিপিএমের আমল থেকেই প্রোমোটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত সুশীল মোহতা। কলকাতায় বহু বিতর্কিত বাড়ি বানিয়েছেন মোহতারা। সম্প্রতি কলকাতা হাই কোর্টও মার্লিন গ্রুপের একটি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। ১নং ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটের অফিস থেকেই সুশীল মোহতার উত্থান হয় বলে জানা যায়। সিপিএমের জমানায় তাঁদের আত্মীয় শিবলাল দাগা, দুর্গা দাগা, অরুণ মহেশ্বরীর সাহায্য পায় সুশীল। তার জেরেই সিপিএমের বহু নেতার ঘনিষ্ঠ হয়ে ওঠে। তাঁদেরই বদান‍্যতায় নির্মাণ ব‍্যবসায়ে হাতেখড়ি হয় বলে দাবি করা হয়।

২০১১ সালে পালাবদল হয়। সিপিএমের লাল দুর্গ চুরমার তৃণমূল ক্ষমতায় আসে। জার্সি পাল্টে তৃণমূলে ভিড়ে যায় সুশীল। কলকাতার সিন্ডিকেট মহলে খবর, সুশীলের ছেলে সাকেত তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ ছিল। তাঁরা দাবি করে, বেআইনি ভাবে জমি দখল করে তাঁদের ব্যবসা সূচক উর্দ্ধমুখী হয়েছে। তবে বর্তমানে ফিরহাদ হাকিম তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে রয়েছেন।

এরই মাঝে আনন্দপুর থানায় সুশীল ও সাকেতের বিরুদ্ধে বিপুল পরিমাণ জমি আত্মসাৎ, প্রতারণার অভিযোগ দায়ের হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই মামলা রুজু হয়েছিল। কিন্তু ইদানিং বেশ কিছু অনুষ্ঠানে দেখা যাচ্ছে সুশীল মোহতাকে। তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।


Share