Suvendu Adhikari

সোমবার কলকাতা পুরসভায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রধানমন্ত্রী আসার আগে কলকাতা পুরসভায় স্বচ্ছতার ডাক

নবান্ন সূত্রে খবর, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া স্বচ্ছতা প্রকল্পকে সামনে রেখে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি নিতে চাইছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৩:০৩

সোমবার কলকাতা পুরসভায় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ দিবসের আগে কলকাতা পুরসভায় সচ্ছতার একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি আসবেন। পাশাপাশি কলকাতার সমস্ত ওয়ার্ডে কী পরিস্থিতি হয়ে রয়েছে, তা নিয়েও খোঁজখবর তিনি নিতে পারেন বলে জানা গিয়েছে।

নবান্ন সূত্রে খবর, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসবেন। তার আগে প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া স্বচ্ছতা প্রকল্পকে সামনে রেখে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি নিতে চাইছে রাজ্য সরকার। সেই কর্মসূচির সূচনা হিসেবে সোমবার থেকেই কলকাতা পুরসভা স্বচ্ছতা অভিযান শুরু করবে। ওই কর্মসূচিতে অংশ নিতেই মুখ্যমন্ত্রীর নিউ মার্কেটে কলকাতা পুরসভার সদর দফতরে আসার সম্ভাবনা রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতা পুরসভার কোনও অফিসে যাওয়ার ঘটনা তাঁর কাছে নতুন নয়। এর আগে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত ৯ নম্বর বরোর আলিপুর অফিসে বৈঠক করেছিলেন তিনি। তবে তখন পুরসভার রাজনৈতিক সমীকরণ ছিল ভিন্ন।

গত ৪ মে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এরই মধ্যে কলকাতা পুরসভার অভ্যন্তরীণ সমীকরণে নতুন মোড় এসেছে। কলকাতা পুরসভায় মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার মেয়াদ থাকার কথা ছিল। তবে মেয়রের পদত্যাগের পর পুর বোর্ড ভেঙে যাওয়ায় বর্তমানে পুরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন কমিশনার স্মিতা পাণ্ডে। পুর ও নগরোন্নয়ন দফতর তাঁকেই প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। সূত্রের খবর, নতুন করে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসকের হাতেই পুরসভার যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব রাখতে চায় রাজ্য সরকার।

এ দিকে সামনে বর্ষা এবং তার পরেই উৎসবের মরসুম। শহরের নিকাশি ব্যবস্থা, রাস্তার পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা সচল রাখা একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কলকাতা পুরসভাকে। সেই কারণে রাজ্য সরকার ও পুর প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী পুরভবনে এলে প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেই প্রশাসনিক মহলের একাংশের অনুমান।

মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে কলকাতা শহরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুরসভার শীর্ষ আধিকারিকদের কাছে বিস্তারিত রিপোর্ট চাইতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পুরসভার সব বিভাগের ডিজিদের শহরের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে রবিবারের নির্ধারিত ছুটিও বাতিল করা হয়েছে পুরসভায়।


Share