Suvendu Adhikari

আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ! জীবন, রাজনীতি ও অবদান নিয়ে পড়ানো হবে নতুন অধ্যায়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি তাঁর জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্কুলের পাঠ্যক্রমেও তা অন্তর্ভুক্ত করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলশিক্ষা দফতরকে এই অধ্যায় পড়ানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ০৮:৪৪

আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যক্রমে ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্কুলশিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, শ্যামাপ্রসাদকে নিয়ে প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় যে বই লিখেছেন, সেটিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সেই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এর পাশাপাশি তাঁর জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্কুলের পাঠ্যক্রমেও তা অন্তর্ভুক্ত করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলশিক্ষা দফতরকে এই অধ্যায় পড়ানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুলশিক্ষা দফতর স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে দেশের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, স্বাধীন ভারতে তাঁর সুদূরপ্রসারী, উন্নয়নমুখী চিন্তাভাবনা, গঠনমূলক কাজের কথা রাখবে। এই ভাবেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আগামী প্রজন্মকে জানানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে তা করা যায়, সেই সিদ্ধান্ত হয়েছে।’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক কারণে এত দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আত্মত্যাগের ইতিহাস যথাযথ ভাবে মানুষের সামনে তুলে ধরা হয়নি। তাই এ বার তাঁর জীবন, কর্ম ও অবদানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।

শ্যামাপ্রসাদকে নিয়ে রাজ্য বই প্রকাশেও উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে তথাগত রায়ের প্রচেষ্টা ইতিমধ্যে একটি বই প্রস্তুত হয়েছে। আমাদের ইচ্ছা, তাদের সঙ্গে একসঙ্গে বইটি প্রকাশ করব। এ বার তাঁরা নিজেদের মতামত জানাবেন। এ ছাড়া আমাদের গ্রন্থাগার দফতরকে বলা হয়েছে, তারা শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশ করবে। বাংলা ও ইংরাজি ভাষায় তা হবে। আশা করছি, এ বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’

রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু জানান, ইকো পার্কেই ওই মূর্তির ভূমি পূজন হবে। মূর্তির পাশাপাশি মিউজ়িয়াম-সহ আর কী কী থাকবে, বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ কমিটিকে তার বিস্তারিত পরিকল্পনা জানিয়েছে হিডকো। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী ৬ জুলাই প্রকল্পটির উদ্বোধন করা সম্ভব হয়। পাশাপাশি, শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে হুগলির জিরাট নিয়েও রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আশুতোষ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত পুরনো লাইব্রেরিটি পুনর্নির্মাণ করে আধুনিক মানের করে তোলা হবে। লাইব্রেরির পাশাপাশি একটি সংগ্রহশালাও তৈরি করা হবে।


Share