Assembly Election 2026

কালীঘাট মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দু’দিন বৈঠকের পরে করবেন সাংবাদিক বৈঠক

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমার-দের সঙ্গে এই প্রতিনিধিদলে থাকছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশী। রবিবার রাতের বিমানে তাঁরা কলকাতায় পৌঁছবেন।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৩:৫৮

কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মা কালীর পুজো করেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতেই কলকাতা পৌঁছে যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে কালীঘাটের মন্দিরে যাওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ রাজ‍্যে আটটি নথিভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জ্ঞানেশ কুমার বৈঠকে বসবেন। জনপ্রতিধিত্ব আইন অনুযায়ী, একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ১৫ মিনিট করে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। সূত্রের খবর, সেই বৈঠকের আগে সকালেই তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতে পারেন। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যেই তিনি কালীঘাটের মা কালীর মন্দিরে পৌঁছে যাবেন। তাঁর সঙ্গে কমিশনের অন্যান্য আধিকারিকরাও থাকতে পারেন। মা কালীর পুজো দিয়েই বিধানসভা নির্বাচনের চূড়ান্ত কর্মযজ্ঞ তিনি শুরু করবেন। তবে সোমবার সকালে কালীঘাট মন্দিরে যাওয়ার বিষয়টি জ্ঞানেশদের প্রাথমিক সফরসূচিতে ছিল না।

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। জ্ঞানেশ কুমার-দের সঙ্গে এই প্রতিনিধিদলে থাকছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশী। রবিবার রাতের বিমানে তাঁরা কলকাতায় পৌঁছবেন। তবে এদিন তাঁদের কোনও ঘোষিত কর্মসূচি নেই। তবে রবিবার সকালেই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী চলে এসেছেন। সোমবার ও মঙ্গলবার শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। সেই সময় ফুল বেঞ্চ আলাদা ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে।

সারা রাজ্যে এসআইআর চলাকালীন নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের সংঘাত প্রকাশ্যে এসেছে। বর্তমানে এই এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন থাকার কারণে ধর্মতলা ডোরিনা ক্রসিং-এর সামনে মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছেন। জ্ঞানেশ কুমার-কে কখনো 'ভ্যানিশ কুমার' আবার কখনো বা 'টর্চার কমিশন' বলেও ব্যঙ্গ করেছেন। অপরিকল্পিত ভাবে এসআইআর করে সাধারণ মানুষের গনতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে বলেও কমিশনকে নিশানা করেছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান। কমিশন ‘তুঘলক এবং হিটলার’-এর মতো আচরণ করছে, এমন অভিযোগও মুখ্যমন্ত্রী তুলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়েও তিনি কমিশনকে আক্রমণ শানিয়েছেন।

এ বার বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ সফরে এসে কর্মসূচি শুরু করার আগে পূজো দিতে প্রথমে কালীঘাটে যাবেন। সোমবার সকাল থেকে দফায় দফায় কমিশনের বেশ কিছু বৈঠক রয়েছে। এরপর নির্বাচনী প্রস্তুতি নিয়ে পুলিশকর্তাদের সঙ্গেও বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এর পরে মঙ্গলবারও রাজ্যের মুখ্যসচিব, পুলিশপ্রধান-সহ অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। এই ঠাসা সফরসূচির মাঝে মঙ্গলবার জ্ঞানেশের কুমারের বেলুড়ের রামকৃষ্ণ মঠেও যাওয়ার কথা রয়েছে।


Share