Calcutta High Court

জমি মামলায় অতীন ঘোষকে এখনই গ্রেফতার নয়, ১৪ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ বহাল কলকাতা হাই কোর্টের

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস নির্দেশ দিয়েছে, আগামী ১৪ অগস্ট পর্যন্ত গ্রেফতারি থেকে সুরক্ষা পাবেন অতীন ঘোষ। মামলার পরবর্তী শুনানি হবে ১০ অগস্ট।

অতীন ঘোষ ও কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৩:৩২

জমি সংক্রান্ত মামলায় অভিযুক্ত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষকে আপাতত গ্রেফতার করা যাবে না। মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ আরও বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস নির্দেশ দিয়েছে, আগামী ১৪ অগস্ট পর্যন্ত গ্রেফতারি থেকে সুরক্ষা পাবেন অতীন ঘোষ। মামলার পরবর্তী শুনানি হবে ১০ অগস্ট। ততদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই আদালত স্পষ্ট জানিয়েছে।

এলাকার জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে অতীন ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্তের অংশ হিসেবে বিধাননগর উত্তর থানার পুলিশ অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করে জিজ্ঞাসাবাদও করে। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাঁর পক্ষে আদালতে সওয়াল করছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। এর আগের শুনানিতেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, মামলার শুনানি চলাকালীন অতীন ঘোষকে গ্রেফতার করা যাবে না। সেই সময় রাজ্যের উদ্দেশে বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘‘মামলাকারীকে গ্রেফতার করবেন না। অনেক ঘটনায় দেখছি, আপনারা গ্রেফতার করে নেন। রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেফতার করে নেওয়া হচ্ছে।’’ এর জবাবে রাজ্যের আইনজীবী আদালতে জানান, পুলিশ প্রতিটি ক্ষেত্রে পরিস্থিতি বিচার করেই পদক্ষেপ করে। তবে কোনও মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে তড়িঘড়ি কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। প্রয়োজনীয় নির্দেশ পুলিশকেও জানিয়ে দেওয়া হবে বলে আদালতকে আশ্বস্ত করে রাজ্য। পাশাপাশি এ-ও জানানো হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ করা হবে এবং মামলা বিচারাধীন থাকা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হবে না।


Share