Swarup Biswas Arrested

কাজ চাইতে আসা মহিলার সঙ্গে শ্লীলতাহানি, নেওয়া হয়েছে কয়েক হাজার টাকা, গ্রেফতার প্রাক্তন মন্ত্রীর অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ

পুলিশ সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার এক মহিলা বাসিন্দার অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নিয়েছে। ওই মহিলা মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য।

স্বরূপ বিশ্বাস গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১২:৩৭

রাজ‍্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানায় পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন। তাঁকে শুক্রবার আলিপুর আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার এক মহিলা বাসিন্দার অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নিয়েছে। ওই মহিলা মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য। অভিযোগ, তিনি ২০২৫ সালে ২০ অগাস্ট নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ ক্লাবে যান। তাঁকে কাজ দেওয়ার জন্য অনুরোধ করে। সেখানে স্বরূপ বিশ্বাস ও তাঁর দলবল কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে মহিলার কাছ থেকে অর্থ দাবি করে। পাশাপাশি টাকা না দিলে ভবিষ্যতে কোনও কাজ দেওয়া হবে না বলেও ওই মহিলাকে জানিয়ে দেওয়া হয়।

ঘটনা এখানেই শেষ নয়। ওই মহিলা চলতি বছরের ৪ এপ্রিল ওই অসহায় মহিলা পুনরায় স্বরূপ বিশ্বাসের সঙ্গে কাজ পেতে যোগাযোগ করেন। ভুক্তভোগী মহিলার অভিযোগ, কাজ পেতে হলে তাঁকে যৌনতায় লিপ্ত হতে হবে বলে স্বরূপ বিশ্বাস ও তার দলবল এমন প্রস্তাব দেয়। ওই মহিলা সেই প্রস্তাবে রাজি হননি। তাই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে ওই মহিলা দাবি করেছেন। এমনকী, ১০ এপ্রিল মহিলার বাড়িতে স্বরূপ বিশ্বাসের দলবল মহিলার চড়াও হন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন।

আগে তিনি স্বরূপ বিশ্বাসের কাছে কাজ চাইতে ‍যান। সেই সময় তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তাঁর সঙ্গে শ্লীলতাহানি করে স্বরূপ। থানায় অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা তোলার টাকা নেওয়া হয়। তার পরেও তিনি কাজ পাননি বলেই সূত্রের দাবি।

পুলিশ সূত্রের খবর, লিখিত অভিযোগে মহিলা আরও জানিয়েছেন, তাঁর এক সহকর্মীকে দিয়ে গত বছরের ২৬ ডিসেম্বর কাজ পাইয়ে দেওয়ার নামে স্বরূপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। তার পরেও কোনও কাজের কাজ হয়নি। সেই টাকা স্বরূপ এবং তাঁর দলবল আত্মসাৎ করে নিয়েছে। এ ছাড়াও, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ২২ লক্ষ টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ধৃত স্বরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই বলেই পরিচিত। তৃণমূল জমানায় টলিপাড়ায় অত‍্যন্ত প্রভাবশালী বলেও কেউ কেউ দাবি করেন। তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ নিউ আলিপুরের সাহাপুর কলোনির বাড়ি থেকে এই সিন্ডিকেটের হোতা স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেফতার করেছে। স্বরূপের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি, খুনের চেষ্টা এবং অস্ত্র আইনের জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।


Share