NEET Paper Leak

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কার্টুন! প্রর্দশন করা হয় প্রকাশ্যে, অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে থানার দ্বারস্থ বিজেপি নেত্রী

শুক্রবার প্রশ্নফাঁস কান্ড নিয়ে তথাকথিত প্রতিবাদ জানিয়ে কমিউনিস্ট ছাত্র সংগঠনগুলি মিছিলের ডাক দিয়েছিল। সেই মিছিলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আঁকা অশালীন কার্টুন হাতে নিয়ে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দেখা গিয়েছিল।

(বাঁ দিক থেকে) বিজেপি নেত্রী কেয়া ঘোষ এবং অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ০৮:২৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে অশালীন কার্টুন নিয়ে প্রকাশ‍্যে মিছিলে হাঁটায় এ বার টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। শুধু কলকাতা পুলিশ নয় বিধাননগরের সাইবারে অভিযোগ দায়ের হয়েছে।

শুক্রবার প্রশ্নফাঁস কান্ড নিয়ে তথাকথিত প্রতিবাদ জানিয়ে কমিউনিস্ট ছাত্র সংগঠনগুলি মিছিলের ডাক দিয়েছিল। সেই মিছিলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আঁকা অশালীন কার্টুন হাতে নিয়ে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দেখা গিয়েছিল। সেই ছবি সমাজমাধ‍্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে।

রবিবার সকালে এই ঘটনা নিয়ে আনন্দপুর থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তিনি আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, গত ২৪ জুলাই সিপিএমের ছাত্র সংগঠন একটি মিছিল করেছে। সেই মিছিলে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর হাতে একটি কার্টুন আঁকা একটি পোস্টার ছিল। সেই পোস্টার কুরুচিকর। সেটা নিয়ে ধর্মতলায় সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের সামনে প্রদর্শন করেছেন।

বিজেপি নেত্রী কেয়া ঘোষ আরও উল্লেখ করেছেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তিনি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন। তিনি সাংবিধানিক পদে রয়েছেন। অভিযোগ, এমন কুরুচিকর পোস্টার নিয়ে প্রদর্শন করে শ্রীলেখা অশান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। তিনি ইচ্ছাকৃত ভাবে যাতে প্রধানমন্ত্রীর সম্মানহানি করেছেন। এমন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা তিনি জানাননি। তাই তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ করা দাবি করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

কেয়া ঘোষ বলেন, “শ্রীলেখা মিছিলে এই ছবি নিয়ে বাঁদরামি করে বেরিয়েছেন। এ সব আর বরদাস্ত করা যাবে না। অনেক হয়েছে। এমন ছবি নিয়ে তিনি ঘুরেছেন তা প্রকাশ‍্যে বলার মতো নয়। পুলিশ অবিলম্বে তাঁকে গ্রেফতার করুক।” এ ছাড়াও, বিধাননগরের সাইবার থানায় আরও একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে কমিউনিস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ফোন করা হলে তিনি ধরেননি। মেসেজ করা হলেও তিনি তার কোনও জবাব দেননি। তবে সমাজমাধ‍্যমে একটি পোস্ট করে তিনি সাফাই দিয়ে বলেছেন, তিনি কয়েক জনকে ওই পোস্টারগুলি নিয়ে আসতে দেখেছেন। তার পরে সেটা ভালো লাগার পরে তিনি নিয়েছেন। কী আঁকা ছিল তা তিনি দেখেননি। কারণ তাঁর চোখে সানগ্লাস ছিল। যদিও যে ছবি ভাইরাল হয়েছে তাতে তাঁর মাথায় ছিল।


Share