Narcotics

মাদক পাচারের রুখতে নতুন টাস্ক ফোর্স গঠন করতে চলেছে রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন, শুরু হয়েছে প্রস্তুতি

এ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি রয়েছে। ‘ক্রস বর্ডার’ মাদক পাচারের রমরমা গত কয়েক বছরে বেড়েছে। তা নিয়েই পুলিশ এবং সংশ্লিষ্টগুলিকে তৎপর হতে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৭:৪৪

রাজ‍্য জুড়ে মাদক পাচারের সংগঠিত চক্রের বিরুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে চলেছে রাজ‍্য সরকার। এই টাস্ক ফোর্সের নাম দেওয়া হয়েছে ‘অ‍্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স বা (এনটিএফ)’। নবান্ন সূত্রে খবর, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে। তবে কীভাবে এই বিশেষ বাহিনী কাজ করবে তা এখনও জানানো হয়নি বলে জানা গিয়েছে।

রাজ্যে দু’দিনের সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিয়ে বিস্তারিত বৈঠক করেন। সেই বৈঠকে এনআইএর ডিজি, রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। মাদক পাচারের রমরমা এবং সংগঠিত চক্রের বিরুদ্ধে আগেই দিল্লির অনুষ্ঠান থেকে এনসিবিকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি রয়েছে। ‘ক্রস বর্ডার’ মাদক পাচারের রমরমা গত কয়েক বছরে বেড়েছে। তা নিয়েই পুলিশ এবং সংশ্লিষ্টগুলিকে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছিল। মাদক পাচার মসৃণ করতে পাচারকারীরা পূর্বের রুট পরিবর্তন করেছে বলে পুলিশ জানতে পেরেছে। এই রাজ‍্যে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান মূলত থানা এবং এসটিএফের ওপরে বর্তায়। এই সংঘটিত পাচারচক্রের বিরুদ্ধে পৃথক একটি টাস্ক ফোর্স গঠন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকে এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

নবান্ন সূত্রের খবর, এই টাস্ক ফোর্সের নাম দেওয়া হয়েছে অ‍্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স বা (এনটিএফ)। এই টাস্ক ফোর্স মূলত রাজ‍্য পুলিশের এসটিএফের অধীনেই কাজ করবে। এক আইজি পদমর্যাদার এক আধিকারিক এই টাস্ক ফোর্সকে নেতৃত্ব দেবেন। এই টাস্ক ফোর্স জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে। এই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থাগুলির তথ্যের ওপরেও কাজ এই টাস্ক ফোর্স কাজ করবে।

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর এই টাস্ক ফোর্স গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সূত্রের খবর, কীভাবে এই টাস্ক ফোর্স কাজ করবে, কত জন কর্মী এই টাস্ক ফোর্সে থাকবে তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। টাস্ক ফোর্সের কার্যপ্রনালী নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রের, বাংলাদেশ সীমান্তের ওপরে বেশি নজর দেওয়া হবে। এ ছাড়াও, আন্তঃরাজ‍্য সীমান্তের দিকেও নজরদারি চলাবে এই টাস্ক ফোর্স। সংঘটিত পাচারচক্রের টাকার লেনদেন, হাওয়ালার মাধ‍্যমে কীভাবে টাক পাচার করা হচ্ছে, কে বা কারা কীভাবে জড়িত রয়েছে তা নিয়েই এই টাস্ক কাজ শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে।

কলকাতা পুলিশের অধীনস্থ এলাকা বাদে রাজ্যের সমস্ত এলাকায় এই টাস্ক ফোর্স কাজ করবে। তবে কলকাতা পুলিশের সঙ্গেও এই টাস্ক ফোর্স সমন্বয় রাখবে। লালবাজার সূত্রের খবর, কলকাতা শহরে মাদকের রমরমা রুখতে গোয়েন্দারা অভিযান চালাচ্ছেন। এর আগে কোথায় কী ধরণের মাদক বাজেয়াপ্ত উদ্ধার করা হয়েছিল, কোন পথ ব্যবহার করে মাদক শহরে প্রবেশ করছে, কোন এলাকা থেকে বেশি মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল তার অতীত নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছে। সেই অনুযায়ী গোয়েন্দারা তৎপরতা বাড়িয়েছেন।


Share