Anik Dutta

আত্মহত্যা করেছেন অনীক, বহুতলের ছাদ থেকে উদ্ধার সুইসাইড নোট, চলছে ময়নাতদন্ত

যে আবাসনে ঘটনাটি ঘটেছিল সেখানে তাঁর স্ত্রী থাকেন। ঘটনার পরে পুলিশ আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। তাতে দেখা গিয়েছে, অনীক দত্ত তাঁর স্ত্রী-র ফ্ল্যাটে যাননি।

প্রখ্যাত চিত্র পরিচালক অনীক দত্ত
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৭:৪১

আত্মহত‍্যা করেছেন বাংলা চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। গোটা ঘটনাটি দুপুর ১টা থেকে ১টা ১০ মিনিটের মধ্যে ঘটেছে। আবাসনের ছাদ থেকে পুলিশ সুইসাইড নোট উদ্ধার করেছে। সিসি ক‍্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিক ভাবে এটাই জানতে পেরেছে পুলিশ। থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ সূত্রের খবর, হিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সুইসাইড নোটটি ‘কোরিওগ্রাফিক আর্ট ম্যাগাজিন ২০০৮’- নামে একটি বইয়ের মধ্যে থাকা একটি খামে তা রাখা ছিল। জানা গিয়েছে, মৃত অনীক দত্ত মানসিক অবসাদে ভুগছিলেন। সুইসাইড নোটটি তাঁর মেয়েকে উদ্দেশ্য করে লিখেছিলেন। কাউকে তিনি দোষারোপ করে কিছুই লেখেননি। তাঁর মেয়ে বর্তমানে সুইডেনে থাকেন বলে জানা গিয়েছে।

যে আবাসনে ঘটনাটি ঘটেছিল সেখানে তাঁর স্ত্রী থাকেন। ঘটনার পরে পুলিশ আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। তাতে দেখা গিয়েছে, অনীক দত্ত তাঁর স্ত্রী-র ফ্ল্যাটে যাননি। সোজা ছাদে গিয়েছেন। সেখান থেকেই ঝাঁপ দিয়েছেন। যে সময় তিনি উপর থেকে নীচে পড়ছেন, সেই সময় এক স্থানীয় প্রত্যক্ষদর্শী তা দেখেছেন। তিনি থানায় ফোন করে জানিয়েছেন।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাসমিত্র জানান, পুলিশ ২টো নাগাদ খবর পেয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপরে একটি বেসরকারি ব‍্যহাসপাতালে নিয়ে যাওয়া হলে অনীক দত্তকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অনীকের দেহ এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। সূর্যাস্তের পরে বিশেষ অনুমতি নিয়ে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাসমিত্র। পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু ৬৩ বছর বয়সের চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের। গুরুতর অবস্থায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা নাকি আত্মহত্যা দুই দিকই তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।


Share