Sohom Chakraborty

সিনেমায় অভিনয় করার নামে কোটি টাকা নিয়ে দেননি ফেরত, অভিনেতা সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের

সেই সিনেমায় অভিনয় করার জন‍্য সোহমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু সেই সিনেমা হয়নি। সোহম তাতে অভিনয় করেননি। পরে টাকা ফেরত চাইতে গেলে বিধায়ক পদ দেখিয়ে হুমকি দেওয়া হয়।

সোহম চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০৭:৫৮

সিনেমায় অভিনয় করার নাম করে ব‍্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সিনেমাও করেননি। টাকাও ফেরত দেননি। তাঁর বিরুদ্ধে চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কৌশিক কর্মকার বলে একজন চারুমার্কেট থানার প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রের খবর, কৌশিক আরিয়াদহের বাসিন্দা। গত ২০২২ সালে তিনি আরিয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হয়ে সোহম চক্রবর্তীর সংস্থা সোহম এন্টারটেইনমেন্ট-এ এক কোটি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে। সেই সিনেমার নাম ছিল ‘লাল সুটকেসটা দেখেছেন?’। সেই সিনেমায় অভিনয় করার জন‍্য সোহমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু সেই সিনেমা হয়নি। সোহম তাতে অভিনয় করেননি। পরে টাকা ফেরত চাইতে গেলে বিধায়ক পদ দেখিয়ে হুমকি দেওয়া হয়।

গত ১৯ মে চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর, সোহমের সংস্থা যে নথি দেখিয়ে টাকা নিয়েছিল, তা অধিকাংশই ভুয়ো। ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল বিধায়কের সংস্থাকে চিঠি পাঠিয়ে একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত করে অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি-সহ ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।


Share