Abhishek Banerjee

হাই কোর্টে ভবানী ভবনে হাজিরা দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরে উত্তেজনা, হটাল পুলিশ

বিধানসভার তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশেই তিনি ভবানী ভবনে এসেছেন। তাঁকে এই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করা হবে।

ভবানী ভবনে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৭:২৩

কোলকাতা হাই কোর্টের নির্দেশে ভবানী ভবনে হাজিরা দিতে এলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করবে। কলকাতা হাই কোর্টের বেধে দেওয়া সময়ের মধ্যেই তিনি ভবানী ভবনে পৌঁছে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিতরে ঢুকতেই বাইরে উত্তেজনা তৈরি হয়। কয়েক জন তৃণমূল সমর্থক স্লোগান দেয়। পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।

এ দিন বিকেল ৪টে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাড়ি করে রওনা দেন। প্রথমে মনে করা হয়েছিল, অভিষেক কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে আসবেন। কিন্তু মাঝপথেই তাঁর গাড়ি কালীঘাটের বাড়িতে যান। সেখানে মিনিট ১৫ বাড়িতেই ছিলেন। ৫টা ৪৬ মিনিট নাগাদ তিনি কালীঘাটের বাড়ি থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৬টার মধ্যেই কলকাতা হাই কোর্ট ভবানী ভবনে পৌঁছে যেতে নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তিনি ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। সিআইডি সূত্রের খবর, ভিতরে বর্তমানে তাঁকে বসিয়ে রাখা হয়েছে। আর কিছু ক্ষণের মধ্যেই তাঁকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। গোটা প্রক্রিয়াটিকে ভিডিয়োগ্রাফি করা হবে।

অন‍্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিতরে ঢুকতেই ভবানী ভবনের বাইরে উত্তেজনা তৈরি হয়। মূল গেটের উল্টো দিকে গুটিকয়েক তৃণমূলকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে আসার আগেই কলকাতা পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছিল। তাঁরাই সেখানে গিয়ে তৃণমূল কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়।

উল্লেখ্য, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি কান্ডে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলাটির শুনানি হয়েছে। সিআইডির আদালতের কাছে দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি কাণ্ডে ‘মূলচক্রী’। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি, আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ সিআইডি করতে পারবে না বলেও নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছে।


Share