Abhishek Banarjee

স্বস্তি পেলেন অভিষেক! ভবানীপুর-শিলিগুড়ি-বিষ্ণুপুরের এফআইআরের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের

বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আদালতের এই নির্দেশ কার্যকর থাকবে পরবর্তী শুনানি পর্যন্ত।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ০৪:০৬

রাজ্যে সরকার পরিবর্তনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে নতুন করে আরও আটটি এফআইআর নথিভুক্ত হয়। এই সব মামলায় একযোগে সুরক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে তাঁর পক্ষে গুরুত্বপূর্ণ স্বস্তির নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ, ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আদালতের এই নির্দেশ কার্যকর থাকবে পরবর্তী শুনানি পর্যন্ত।

গত বৃহস্পতিবার মামলাটির শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরে একযোগে রক্ষাকবচের আবেদন জানানো হয়েছিল। তবে বিচারপতি মৌখিক ভাবে সেই আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, ভিন্ন ভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া পৃথক মামলাগুলিকে একসঙ্গে বিবেচনা করে সার্বিক রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। শুনানির সময় শুভেন্দু অধিকারী সংক্রান্ত একটি দৃষ্টান্তের প্রসঙ্গও উঠে আসে।

ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ রাজ্যের একাধিক থানায় তাঁর মক্কেলের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে বলে আদালতে দাবি করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, এর আগেও একই ধরনের পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন এফআইআর দায়েরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর জবাবে রাজ্য সরকারের আইনজীবী বলেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আদালতের সেই নির্দেশ ছিল শুধুমাত্র একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, যা বর্তমান মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সিব্বল যখন শুভেন্দুর প্রসঙ্গ টেনে সুরক্ষাকবচের পক্ষে সওয়াল করেন, তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও চূড়ান্ত নির্দেশ দেবে না।”

পুলিশি পদক্ষেপ থেকে সামগ্রিক সুরক্ষা চেয়ে করা আবেদন খারিজ করলেও, বৃহস্পতিবারের শুনানিতে অভিষেকের আংশিক স্বস্তি মিলেছে। বিচারপতি একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভবানীপুর, শিলিগুড়ি ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।


Share