Biswa Bharati

রবীন্দ্রনাথের আশ্রম এ বার আরও কাছে, আগামী ৮ জুন থেকে সপ্তাহে ছয় দিন পর্যটকদের জন্য খুলছে শান্তিনিকেতনের ঐতিহ্যের দরজা

রবিবার সবচেয়ে বেশি সংখ্যক পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। ওই দিন সকাল ১০টা, ১১টা এবং বিকেল তিনটে ৩০ মিনিট ও চারটা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী আশ্রম পরিদর্শন করানো হবে।

আগামী ৮ জুন থেকে পর্যটকদের জন্য খুলছে শান্তিনিকেতনের ঐতিহ্যের দরজা
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৫:৫৮

শান্তিনিকেতনে পর্যটকদের জন্য বড় উদ্যোগ নিল বিশ্বভারতী। আগামী ৮ জুন থেকে সপ্তাহে ছয় দিন ‘হেরিটেজ ওয়াক’-এর আয়োজন করা হবে। বৃহস্পতিবার ছাড়া বাকি প্রতিদিনই পর্যটকেরা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখার সুযোগ পাবেন। এতদিন সপ্তাহে মাত্র তিন দিন এই পরিষেবা চালু থাকলেও এ বার তা বাড়িয়ে ছয় দিন করা হয়েছে। একই সঙ্গে শীঘ্রই অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার ও শনিবার বিকেল তিনটে ৩০ মিনিট এবং চারটা ৩০ মিনিটে ‘হেরিটেজ ওয়াক’ অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ১১টার পাশাপাশি বিকেল তিনটে ৩০ মিনিট ও চারটা ৩০ মিনিটে পর্যটকদের জন্য আশ্রম প্রাঙ্গণ খোলা থাকবে। রবিবার সবচেয়ে বেশি সংখ্যক পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। ওই দিন সকাল ১০টা, ১১টা এবং বিকেল তিনটে ৩০ মিনিট ও চারটা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী আশ্রম পরিদর্শন করানো হবে।

‘হেরিটেজ ওয়াক’-এর টিকিট পাওয়া যাবে রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকে। ভারতীয় পর্যটকদের জন্য মাথাপিছু টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ছাত্রছাত্রীদের দলগত সফরের ক্ষেত্রে টিকিট মূল্য ৫০ টাকা এবং একক ছাত্রছাত্রীর জন্য ১৫০ টাকা ধার্য করা হয়েছে। বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেসকো শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ বা বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। শান্তিনিকেতন গৃহ, উপাসনা মন্দির, ছাতিমতলা, আম্রকুঞ্জ, ঘণ্টাতলা, চৈতী গৃহ, কলাভবন, সঙ্গীতভবন এবং শিল্পী রামকিঙ্কর বেইজের ভাস্কর্য-সহ একাধিক ঐতিহ্যবাহী স্থাপনা দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “সমস্ত রকম সুরক্ষার পরিকল্পনা করে পর্যটকদের সুবিধার্থে সপ্তাহে ৬ দিন হেরিটেজ ওয়াক শুরু করা হচ্ছে৷ এতে আরও মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমকে জানতে পারবেন।”


Share