Tarapith Mandir

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বড় সিদ্ধান্ত, গর্ভগৃহে ঢুকতে পারবেন না কোনও ভক্তই! ভিআইপি-মন্ত্রীদের ক্ষেত্রেও নেই ছাড়

সাধারণ ভক্তদের পাশাপাশি ভিআইপি, ভিভিআইপি, প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। মন্দিরে প্রবেশের জন্য সকলকেই নির্দিষ্ট লাইনে দাঁড়াতে হবে।

তারাপীঠ মন্দির।
নিজস্ব সংবাদদাতা, তারাপীঠ
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ১০:১৩

কৌশিকী অমাবস্যায় প্রতি বছরই তারাপীঠে পুণ্যার্থীদের ঢল নামে। এত দিন ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শনের সুযোগ থাকলেও এ বছর থেকে সেই নিয়মে মন্দির কমিটি পরিবর্তন আনছে। ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে কোনও ভক্তকেই প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা বা কোনও ভিআইপির ক্ষেত্রেও এই নিয়মে কোনও ছাড় থাকবে না।

কৌশিকী অমাবস্যা উপলক্ষে মন্দির কমিটি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম হল গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা। কমিটির তরফে জানানো হয়েছে, এ বার কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে ঢুকে পুজো করা বা মূর্তি স্পর্শ করার অনুমতি থাকবে না। সাধারণ ভক্তদের পাশাপাশি ভিআইপি, ভিভিআইপি, প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। মন্দিরে প্রবেশের জন্য সকলকেই নির্দিষ্ট লাইনে দাঁড়াতে হবে।

মন্দির কমিটির দাবি, প্রতি বছর গর্ভগৃহে প্রবেশের সময় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ভিআইপি দর্শনের জন্য দীর্ঘক্ষণ সাধারণ দর্শনার্থীদের লাইন বন্ধ রাখার অভিযোগও রয়েছে। পাশাপাশি, দ্রুত বিগ্রহ দর্শন করিয়ে দেওয়ার নামে ভক্তদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এই সমস্ত বিষয় বিবেচনা করেই এ বার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটি।

মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দর্শনের জন্য দু’টি লাইন থাকবে-ভিআইপি ও সাধারণ। তবে কোনও ভিআইপিকে গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মন্ত্রী, বিধায়ক বা আমলা কাউকেই গর্ভগৃহে ঢোকানোর জন্য মন্দির কমিটি প্রশাসনের কাছে অনুরোধ না করার আবেদন জানিয়েছে। নিখিল জানান, ভিআইপি প্রবেশ নিয়ে কোনও চাপ এলে তা সামলানোর চেষ্টা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিষয়টি মা তারাপীঠের উপরই ছেড়ে দেওয়া হবে। গর্ভগৃহের বাইরে থাকা বারান্দা থেকেই সমস্ত পুণ্যার্থী বিগ্রহ দর্শন করতে পারবেন। একই সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও আরও জোরদার করা হবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ভিআইপি লাইনের জন্য মাথাপিছু ৫০০ টাকা নেওয়া হবে। তবে এই লাইনের মাধ্যমে গর্ভগৃহে প্রবেশের সুযোগ মিলবে না। অন্য দিকে, সাধারণ লাইনে দর্শনের জন্য কোনও টাকা দিতে হবে না।

পঞ্জিকা অনুযায়ী, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে শুরু হবে কৌশিকী অমাবস্যা তিথি। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটা ৫০ মিনিটে তিথি শেষ হবে। এ বছর কৌশিকী অমাবস্যায় নতুন নিয়মে কী ভাবে ভক্তদের দর্শনের ব্যবস্থা করা হচ্ছে, এখন সেদিকেই নজর সকলের।


Share