Stone Syndicate

ডিসিআর জালিয়াতি মামলায় সায়গল হোসেনকে নিয়ে ডোমকলে গেল পুলিশ, পাঁচ ঘণ্টা তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ জমির দলিল

রাত ১২টা নাগাদ ওই বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে ১৫০টির বেশি জমির দলিল উদ্ধার হয়েছে। একটি ব‍্যাগে করে সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ডোমকলে সায়গলের বাড়িতে তল্লাশি।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ০৩:১২

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে এ বার তাঁর ডোমকলের বাড়িতে গেল বীরভূমের পুলিশ। ডিসিআর জালিয়াতি মামলায় এই তল্লাশির অভিযান বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, বিপুল পরিমান জমির দলিল উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বীরভূমের পুলিশ মুর্শিদাবাদের সায়গল হোসেনের ডোমকলের বাড়িতে যায়। তাঁদের সঙ্গে সায়গল ছিল। তাঁকে সামনে রেখেই প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালানো হয়েছে। রাত ১২টা নাগাদ ওই বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে ১৫০টির বেশি জমির দলিল উদ্ধার হয়েছে। একটি ব‍্যাগে করে সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের অনুমান, ডিসিআর নথি জাল করে অবৈধ ভাবে পাথর বিক্রি করা হয়েছে। সেই টাকা জমিতে বিনিয়োগ করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছে। বীরভূমের পাথর মাফিয়া টুলু মন্ডলের একাধিক ঘনিষ্ঠ এবং আত্মীয় গ্রেফতার হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই সায়গল হোসেনের খোঁজ মেলে। সায়গল বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী ছিলেন। এর আগে তাঁকে গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল।

১৬ অগস্ট রবিবার ভোররাতে বোলপুরের সায়গলের আবাসনে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ৩৫০টির বেশি জমির দলিল বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক ডায়রি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, সৌদি আরব, পাকিস্তানের মুদ্রা উদ্ধার হয়েছে। পাথর মাফিয়া টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতিকাণ্ডের সূত্র ধরেই ওই তল্লাশি চালানো হয়। সেদিন টানা ১৬ ঘণ্টা তল্লাশি চালায় পুলিশ।


Share