Middle East Conflict

শান্তি চুক্তির পরই ফের অগ্নিগর্ভ হরমুজ, বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

ওমানের দাহিট বন্দর থেকে প্রায় ৭.৫ নটিক্যাল মাইল দূরে আকাশপথে ভারী বস্তু নিক্ষেপ করে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১১:৫৫

হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি পণ্যবাহী জাহাজে ফের হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। রয়টার্স ও আমেরিকার সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আমেরিকার দুই আধিকারিককে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে। আমেরিকা-ইরান শান্তি সমঝোতার পর এই প্রথম হরমুজ প্রণালীতে কোনও জাহাজে হামলার ঘটনা ঘটল।

বৃহস্পতিবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এভার লাভলি’-তে হামলার ঘটনা ঘটে। ওমানের দাহিট বন্দর থেকে প্রায় ৭.৫ নটিক্যাল মাইল দূরে আকাশপথে ভারী বস্তু নিক্ষেপ করে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। সংস্থার দাবি, হামলায় জাহাজটির ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতার পর পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছিল। ঠিক সেই সময় জাহাজে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। তবে হামলার আগে ইরানের আধাসামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছিল, তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বার্তা দিতেই এমন ঘোষণা বলে মনে করা হচ্ছে। সেই সতর্কবার্তার পরই হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে, ইরানের নির্দেশ অমান্য করার কারণেই কি জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে? পাশাপাশি, শান্তি সমঝোতার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, চুক্তিতে হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচলের কথা থাকলেও ইরান স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে আর ফেরা সম্ভব নয়।

ইরানের হামলার পর হরমুজ প্রণালীতে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করেছে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। যুদ্ধের জেরে আটকে পড়া জাহাজ ও সেগুলিতে থাকা নাবিকদের নিরাপদে সরিয়ে আনতেই এই উদ্ধার অভিযান চালানো হচ্ছিল।


Share