Election Commission

কেন কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গেল না? বাসন্তীর ঘটনায় রাজ‍্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের, গ্রেফতার আট দুষ্কৃতী

বৃহস্পতিবার দুপুরে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন বাসন্তী বাজার রণক্ষেত্রের চেহারা নেয়। সেখানে পুলিশকেও মারধর করা হয়। জানা গিয়েছে, পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত মোট আট জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১০:৪১

বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন হামলার ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। সেখানে দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন সময়মতো পাঠানো হল না? এমন ঘটনা যে ঘটতে পারে তা কী করে পুলিশ টের পেল না, সেসব নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার চলাকালীন বাসন্তী বাজার রণক্ষেত্রের চেহারা নেয়। সেখানে পুলিশকেও মারধর করা হয়। জানা গিয়েছে, পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত মোট আট জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

যে সময় মারধর, বাইক ভাঙচুর এবং বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছিল, সে সময় কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ দিন তিনি জানান, সেখানে দু‘কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তা সত্ত্বেও অশান্তি থামাতে মেরে কেটে দুই সেকশন কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছে। রাজ‍্য পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে রাজ‍্য পুলিশের ডিজি, পুলিশের নোডাল অফিসার, কমিশনারদের সঙ্গে নিয়ে একাধিক বৈঠক করেছে কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে করা যায় তা নিয়ে একাধিক বার আলোচনা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তাঁদের নিরাপত্তা কাজে কোথায় কীভাবে ব‍্যবহার করতে হবে তা নিয়েও বৈঠক হয়। বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যে বদ্ধপরিকর কমিশন তা-ও বার বার বলেছেন কর্তারা।

কমিশন সূত্রের খবর, যে জায়গায় বিজেপি প্রার্থী জনসংযোগ করছিলেন সেখানে কর্মসূচি করার জন‍্য অনুমতি নেওয়া হয়নি। সেক্ষেত্রে কীভাবে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার পৌঁছে গেলেন, তা নিয়েও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাশাপাশি ওই এলাকায় যে অশান্তি হতে পারে তার খবর আগে থেকে কেন ছিল না? তা নিয়েও রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের কাছে জানতে চাওয়া হয়েছে। ওপর তলা থেকে নির্দেশ থাকলেও নিচুতলায় যে ঠিক করে পৌঁছতে পারছে না কার্যত স্পষ্ট।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাসন্তীর বাজার এলাকায় বিজেপি প্রার্থী বিকাশ সর্দার দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করছিলেন। সেই সময় পাশ থেকে এক যুবক মোবাইল ফোনে তাঁদের ভিডিয়ো করছিলেন। বিজেপির কর্মীরা তাঁকে বাধা দেন। বিজেপির দাবি, যে যুবক ভিডিয়ো করছিলেন তিনি স্থানীয় তৃণমূল কর্মী। তাঁকে বাধা দিতে গেলেই বচসা শুরু হয়ে যায়। তা থেকে রণক্ষেত্রের চেহারা নেয়। এক বিজেপির কর্মীকে রাস্তায় ফেলে মোটা গাছের ডাল দিয়ে মারধর করা হয়। পরিস্থিতি সামাল দিতে এসে সাত থেকে আট জন পুলিশ কর্মী জখম হয়েছেন।


Share